ভোটের মুখে রাতের শহরে বানচাল নগদ পাচারের ছক, নাকা চেকিংয়ে উদ্ধার হল প্রায় ৩৮ লক্ষ টাকা
বেস্ট কলকাতা নিউজ : ভোটের আগে শহরে বেআইনি নগদ লেনদেন ও পাচার রুখতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ । সেই প্রেক্ষিতেই শনিবার গভীর রাতে দক্ষিণ কলকাতার নেতাজিনগর থানা এলাকায় নাকা চেকিংয়ের সময় একটি ব্যক্তিগত গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ ৷ সেই টাকার পরিমাণ মোট 37 লক্ষ 97 হাজার । ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ এবং বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিও । কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, “আগে থেকে আগাম তথ্য ছিল ৷ সেই মতো নেতাজিনগর থানা ও কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সজাগ ছিল ৷ একটি গাড়ি আটক করে তল্লাশি চালানো হয় ৷ তখনই তাতে থাকা ব্যাগ থেকে নগদ টাকা উদ্ধার হয় ৷”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতের দিকে নিয়মিত নাকা চেকিং চলছিল নেতাজিনগর এলাকায় । সেই সময় আলিপুরের দিক থেকে আসা একটি গাড়িকে সন্দেহজনক মনে হওয়ায় থামার নির্দেশ দেন কর্তব্যরত আধিকারিকরা । গাড়িটি থামানোর পর তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে পুলিশের ৷ গাড়ির ভিতর থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় প্রায় ৩৮ লক্ষ টাকার নগদ । ঘটনাস্থল থেকেই আশুতোষ আগরওয়াল নামে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় । তবে এত বিপুল পরিমাণ নগদ অর্থ কোথা থেকে এসেছে বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তার সন্তোষজনক কোনও ব্যাখ্যা দিতে পারেননি তিনি । ফলে পুলিশের প্রাথমিক অনুমান, এই অর্থ পাচারের উদ্দেশ্যেই বহন করা হচ্ছিল ।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে সঙ্গে সঙ্গেই আয়কর বিভাগকে খবর দেওয়া হয় পুলিশের তরফে । পরে নিয়ম মেনে উদ্ধার হওয়া নগদ অর্থ আয়কর দফতরের আধিকারিকদের হাতে তুলে দেয় পুলিশ । সূত্রের খবর, ওই টাকার প্রকৃত মালিককে শীঘ্রই তলব করা হবে । তিনি যদি বৈধ নথিপত্রের মাধ্যমে টাকার উৎস প্রমাণ করতে পারেন, তবে তা ফেরত দেওয়া হতে পারে । অন্যথায়, নিয়ম অনুযায়ী সেই অর্থ সরকারি কোষাগারে জমা পড়বে।

