অবশেষে বাংলাদেশিদের জন্য নিষেধাজ্ঞা উঠল শহর শিলিগুড়ির হোটেলগুলিতে
বেস্ট কলকাতা নিউজ : শেখ হাসিনার সরকার পতনের পরবর্তী সময়ে বাংলাদেশে ক্রমশ ভারত বিরোধিতা বেড়েছে৷ সেই কারণে আর্থিক ক্ষতি স্বীকার করে নিয়েও বাংলাদেশের নাগরিকদের জন্য হোটেলের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল শিলিগুড়িতে৷ প্রায় ১৩ মাস সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানালো হোটেল মালিকদের সংঘঠন৷ এই নিয়ে সাংবাদিক বৈঠক করে গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন৷ সেখানে সংগঠনের সদস্যরা জানান, বাংলাদেশে গণতান্ত্রিক সরকার তৈরি হওয়ার পর পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে৷ বাংলাদেশের তরফেও ভারতের প্রতি ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে৷ সেই কারণেই বাংলাদেশের নাগরিকদের শিলিগুড়ির হোটেলে স্বাগত জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

হোটেল মালিকদের সংগঠনের তরফে দার্জিলিংয়ের জেলাশাসকের কাছে একটি চিঠি দেওয়া হয়েছে৷ সেই চিঠিতে বাংলাদেশি নাগরিকদের জন্য হোটেলের দরজা খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা তারা জানিয়েছে৷ তবে সাংবাদিক বৈঠকে হোটেল মালিক সংগঠনদের তরফে জানানো হয়েছে, বাংলাদেশে ফের ভারত বিদ্বেষ বৃদ্ধি পেলে আবার নিষেধাজ্ঞার পথে হাঁটবে তারা৷ প্রসঙ্গত, শেখ হাসিনার সরকারের পতনের পর অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ। একের পর এক জুলাই আন্দোলনের নেতাদের ভারত বিরোধী মন্তব্য, সেভেন সিস্টার্স দখল করার মতো হুমকি ও বাংলাদেশে থাকা ভারতীয় ভিসা সেন্টারগুলোতে ক্রমাগত আক্রমণ করা হচ্ছিল। এরপরই ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশে থাকা সমস্ত ভারতীয় ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়।
এদিকে, ভারত বিদ্বেষমূলক আচরণ বাড়তে থাকায় তার আঁচ পড়ে এপার বাংলাতেও। ৯ ডিসেম্বর ২০২৪ থেকে শিলিগুড়িতে বাংলাদেশী পর্যটকদের জন্য সমস্ত হোটেলে রুম ও পরিষেবা দেওয়া বন্ধ করে দেয় হোটেল ব্যবসায়ীরা। কিন্তু এক মাস পরেই মানবিকতার খাতিরে মেডিক্যাল ভিসা বা স্টুডেন্ট ভিসায় আসা বাংলাদেশী পর্যটকদের জন্য অবশ্য ছাড় দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে ফের বাংলাদেশে অশান্তি বৃদ্ধি পাওয়ায় ২০২৫ সালের ডিসেম্বর মাসে ফের সম্পূর্ণভাবে বাংলাদেশীদের জন্য পরিষেবা বন্ধ করে দেয় হোটেল মালিকরা। এরপর গত সপ্তাহে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর কিছুটা শান্তি ফেরায় আবার বাংলাদেশীদের জন্য পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় হোটেল মালিকরা।

