অবশেষে রুফটপ পানশালা ও রেস্তরাঁ বন্ধের পরিকল্পনা কলকাতা কর্পোরেশনের, নোটিশ পাঠানো হল রেস্তরাঁ মালিকদেরও
বেস্ট কলকাতা নিউজ : মেছুয়া ফলপট্টির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকজনের মৃত্যুর পরও শিক্ষা নেয়নি তিলোত্তমা ৷ ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা শহরের রুফটপ রেস্তোরাঁ ও পানশালায় এখনও রমরমিয়ে ব্যবসা চলছে ৷ এদিকে ছাদ দখল করে এই ধরনের রেস্তরাঁ চালানোয় বাড়ছে সংশ্লিষ্ট বাড়ির বাসিন্দাদের জীবনযাত্রায় ঝুঁকিও।আবার মেছুয়া ফলপট্টির ঘটনার পরে লাগু হয়েছে ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’ (এসওপি) ৷ রাজ্য সরকারের তরফে এক নির্দেশিকায় স্পষ্ট বলা হয়, এসওপি না-মানলে কোনও রুফটপ রেস্তরাঁ চালানোর অনুমতি মিলবে না। কিন্তু নিয়মকে কোনো রকম তোয়াক্কা না-করেই এখনও চরম বেপরোয়া মনোভাব নিয়ে চলছে রুফটর রেস্তরাঁ ও পানশালা মালিকদের একাংশ। সম্প্রতি অভিযান চালিয়ে সেই চরম উদাসীনতাই নজরে এসেছে পুর কর্তৃপক্ষের। বেপরোয়া মনোভাব নিয়ে চলা এমন ২০ টির বেশি রেস্তরাঁ ও পানশলাকে নোটিশ ধরায় তারা ৷ সে ক্ষেত্রে দ্রুত কাঠামো না ভাঙলে ব্যবসা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়ে চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ ৷

কলকাতা কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত অভিযানে পুর কর্তৃপক্ষের নজরে এসেছে ২০ টির বেশি রুফটপ রেস্তরাঁ ও পানশালা এসওপি-র মূল নির্দেশেরই তোকাক্কা করেনি ৷ অনেক জায়গাতেই এখনও ছাদের সামনের অংশে কাঠামো রয়েছে ৷ তবে প্রত্যেককেই নোটিশ পাঠানো হচ্ছে দ্রুততার সঙ্গে সেই কাঠামো ভেঙে ফেলার ৷ সেই সব রেস্তরাঁ মালিককে কিছু দিন সময় দেওয়া হয়ছে ৷ এই প্রসঙ্গে কলকাতা কর্পোরেশনের এক আধিকারিক বলেন, “এখনও এমন মনোভাব দেখে আমরা স্তম্ভিত । জরুরি ভিত্তিতে ছাদের সামনের অংশ খালি করার নির্দেশ দিয়েছি । না-হলে আমরা সংশ্লিষ্ট রেস্তরাঁ ও পানশালাগুলির ব্যবসা বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপ করতে বাধ্য হব ৷ মানুষের জীবন সবার আগে ৷ সেই বিষয়টি গুরুত্ব দিতে নির্দেশ দেওয়া হয়ছে উচ্চতরমহল থেকে ৷”

