উন্নাও ধর্ষণকান্ড, কুলদীপ সেঙ্গারের আবেদনে কান দিলোনা দেশের শীর্ষ আদালত
বেস্ট কলকাতা নিউজ : উন্নাও ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের আবেদন শুনল না সুপ্রিম কোর্ট। ফের হাইকোর্টে মামলাটি পাঠিয়েছে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ। উন্নাওয়ে নির্যাতিতার বাবার জেল হেপাজতে মৃত্যু মামলায় জামিনের আর্জি জানিয়েছিলেন কুলদীপ। সেই মামলাই হাইকোর্টে পাঠাল সুপ্রিম কোর্ট।

আদালতের আরও পর্যবেক্ষণ, কুলদীপ সেঙ্গারের সাজা সংক্রান্ত মামলাটি দ্রুত শুনানি করে তিনমাসের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে। পাশাপাশি নির্যাতিতার পরিবারের তরফে করা সাজা বাড়ানোর আবেদনের শুনানিরও নির্দেশ দেওয়া হয়েছে। উন্নাও ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছিলেন কুলদীপ। সম্প্রতি এই মামলায় তাঁর যাবজ্জীবন সাজা মকুব করেছিল দিল্লি হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় সিবিআই। শীর্ষ আদালত হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয়। এদিকে নির্যাতিতার বাবার মৃত্যুর মামলায় ১০ বছরের সাজা পেয়েছেন কুলদীপ। সেই মামলায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। উচ্চ আদালত তাঁর আবেদন খারিজ করে। তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন কুলদীপ। ফের সেখানেও ধাক্কা খেলেন তিনি।

