চাকরির টোপ দিয়ে ৫৮ লক্ষ আত্মসাৎ করার অভিযোগ , অবশেষে শহর থেকে গ্রেপ্তার হল ১ অভিযুক্ত শিক্ষক
বেস্ট কলকাতা নিউজ : ছাত্রকে শিক্ষকের চাকরির দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৫৮ লক্ষের বেশি টাকা প্রতারণার অভিযোগ উঠল হাইস্কুল শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক অনুপ প্রধানকে গ্রেপ্তার করে আনন্দপুর থানার পুলিশ । তিন বছর ধরে তিনি এই টাকা নিয়েছিলেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষক প্রথমে বাঁকুড়ায় একটি সরকার পোষিত হাইস্কুলে পড়াতেন। অভিযোগকারী ছাত্র তাঁর কাছে অর্থনীতি পড়তেন। শিক্ষক জানান, শিক্ষাদপ্তরে তাঁর জানাশোনা রয়েছে। টাকার বিনিময়ে তিনি স্কুল শিক্ষকের চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন। প্রায় ৬০ লক্ষ টাকা খরচ হবে। ছাত্রের পরিবার তাতে রাজি হলে অভিযুক্ত শিক্ষক ২০১৯-২২ সালের মধ্যে ৫৮ লক্ষ ৫০ হাজার টাকা নেন বলে অভিযোগ। এরমধ্যে শিক্ষক বদলি হয়ে চলে আসেন হরিনাভির একটি স্কুলে। আনন্দপুর এলাকায় একটি ফ্ল্যাটে থাকছিলেন।

এদিকে ছাত্রের দাবি, টাকা দেওয়ার পরও চাকরি হয়নি। টাকাও ফেরত দেননি অনুপ। শুরু হয় টানাপোড়েন। ২০ ফেব্রুয়ারি আনন্দপুর থানায় অভিযোগ করেন শিক্ষকের বিরুদ্ধে। ছাত্রের অ্যাকাউন্ট বিশ্লেষণ করে তদন্তকারীরা দেখেন, ১৯ লক্ষ টাকা অনলাইনে তিনি শিক্ষককে ট্রান্সফার করেছেন। এর বাইরে আরও অনেক টাকা ব্যাংকের মাধ্যমে নিয়েছেন শিক্ষক। বুধবার রাতে ওই শিক্ষককে ডেকে পাঠানো হয় আনন্দপুর থানায়। তাঁর বক্তব্য সন্তোষজনক না হওয়ায় শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

