ধসে বিচ্ছিন্ন লাচেনে আটকে বাংলার পর্যটকরা , খাবারে টান পড়লো চরম গ্যাস সংকটের জেরে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ধসে বিচ্ছিন্ন উত্তর সিকিমের লাচেন। গতকাল সোমবার দিনভর চেষ্টার পরও ফেরানো গেল না আটকে পড়া পর্যটকদের। সিকিম প্রশাসন সূত্রে খবর, এক হাজারের বেশি পর্যটক আটকে রয়েছেন লাচেনে। তাঁদের মধ্যে অনেকেই এ রাজ্যের। বিপর্যয়ের জেরে আটকে পড়া পর্যটকদের হোটেলে থাকা-খাওয়ার খরচ মকুব করে দেওয়া হয়েছে সিকিম প্রশাসনের তরফে। কিন্তু রান্নার গ্যাসের সংকট থাকায় টান পড়তে শুরু করেছে খাবারে। পর্যটকরা যাতে অভুক্ত না থাকেন, সেজন্য কোনো কোনো হোটেলে রান্নার জন্য জ্বালানো হচ্ছে কাঠের উনুন।

কিন্তু টানা বৃষ্টি চলায় শুকনো কাঠও মিলছে না। ফলে দিনের বেশিরভাগ সময় ‘ড্রাই ফুড’ খেয়েই কাটাতে হচ্ছে পর্যটকদের। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলতে পারছেন না সিকিম প্রশাসনের আধিকারিকরা। আপাতত পর্যটকদের হোটেল ছেড়ে কোথাও যেতে নিষেধ করা হয়েছে। তবে তাঁদের কোনো উদ্বেগের কারণ নেই বলে এদিন আশ্বস্ত করা হয় সেনাবাহিনীর তরফে। এদিকে মঙ্গন জেলা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা বিভাগের আধিকারিক অর্পণ ছেত্রী বলেন, ১৭ হাজার ফুট উঁচুতে ডংকিয়া লা গিরিপথের রাস্তায় জমে থাকা বরফ সরানোর চেষ্টা চলছে। কিন্তু দীর্ঘদিন ওই পথ ব্যবহার না হওয়ায় বরফের পুরু আস্তরণ রয়েছে রাস্তায়। ফলে বরফ সরাতে সময় লাগবে। তারাম চু নদীর কাছে বিশাল ধস নামায় পুরোপুরি বিচ্ছিন্ন নীচের রাস্তা। এরইমধ্যে নাগাড়ে বৃষ্টি হচ্ছে। তুষারপাত চলছে উঁচু এলাকায়। পর্যটকদের হোটেল ছেড়ে বেরতে নিষেধ করা হয়েছে। রেশন মজুত থাকলেও সংকট রয়েছে রান্নার গ্যাসের। রাস্তা ঠিক না হওয়া পর্যন্ত গ্যাস সিলিন্ডার আনা সম্ভব হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *