প্রথাগত শিক্ষায় শিক্ষিত হয়েও কর্মজগতে সাফল্য আসছে না ছাত্রছাত্রীদের, অবশেষে নতুন পথে হাঁটতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়
বেস্ট কলকাতা নিউজ : প্রথাগত শিক্ষায় শিক্ষিত হয়ে কর্মজগতে তেমন সাফল্য আসছে না ছাত্রছাত্রীদের। কলেজগুলিতে বহু বিষয়ের আসন ফাঁকা পড়ে থাকছে। সেই কারণে এবার নতুন পথে হাঁটতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। এআই, সাইবার নিরাপত্তার মতো কোর্স চালু করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষাদপ্তর। সামনের শিক্ষাবর্ষ থেকেই ভর্তির বিজ্ঞপ্তি জারি হতে পারে। ভিসি শংকরকুমার নাথ বলেন, ইঞ্জিনিয়ারিং বিষয়ে জোর দেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীরা এই সমস্ত বিষয়গুলিতে আগ্রহ দেখাচ্ছেন। ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে পড়াশোনা করলে চাকরির সুযোগ বাড়বে। সাম্প্রতিক সময়ের দাবি মেনেই বেশ কয়েকটি নতুন কোর্স চালু করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা গিয়েছে, এক সময় প্রথাগত বিভিন্ন বিষয়ে ভর্তির জন্য ছাত্রছাত্রীদের প্রতিযোগিতার মুখে পড়তে হত। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিভিন্ন জেলার ছাত্রছাত্রীরা উৎসাহ দেখাতেন।. এখন তাতে ভাটা পড়েছে। বিভিন্ন র্যাঙ্কিংয়ের দিক থেকে বিশ্ববিদ্যালয় পিছিয়ে পড়েছে। নতুন বিষয় চালু করে আবার কর্তৃপক্ষ পুরানো গরিমা ফিরে পেতে চাইছে। সবকিছু ঠিক থাকলে জুন-জুলাই মাসেই এই বিষয়গুলিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। কয়েকদিন আগে ইসির বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে। পুরো বিষয়টি দেখার জন্য এক আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্রছাত্রী ভর্তি হলে বিশ্ববিদ্যালয়ের আয় বাড়বে। এক আধিকারিক বলেন, বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি টেকনিক্যাল কলেজ রয়েছে। তবে, সেখানে যে বিষয়গুলি পড়ানো হয়, সেগুলি এখানে পড়ানো হবে না। সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে ক্লাস চালু করা হবে। এআই’এর চাহিদা বেড়েছে। এই প্রযুক্তিকে আরও কীভাবে কাজে লাগানো যেতে পারে, তা নিয়ে আগ্রহ রয়েছে। আগামী দিনে এই বিষয়ের উপর কর্মসংস্থানের সুযোগ বাড়বে। একইভাবে সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করলেও চাকরির কদর বাড়বে।

