মেলেনি গ্যাস! বাড়ি থেকে সিলিন্ডার এনে হাইস্কুলের মিড ডে মিল রান্না করছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা
বেস্ট কলকাতা নিউজ : গ্যাস মেলেনি! তাই বাড়ি থেকে সিলিন্ডার এনে খড়িবাড়ি হাইস্কুলে মিড ডে মিল রান্না করছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এই একইভাবে শিলিগুড়ি শহরে বিভিন্ন স্কুল, মা ক্যান্টিন, হাসপাতাল ও সরকারি অফিসের ক্যান্টিন সামাল দেওয়া হচ্ছে। এমন প্রেক্ষাপটে আজ, শুক্রবার গ্যাস এজেন্সিগুলির সঙ্গে বৈঠকে বসছে চলেছে শিলিগুড়ি পুরসভা। পরিস্থিতি পর্যালোচনা করার পর তারা যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।শিলিগুড়ি মহকুমায় রান্নার গ্যাসের তীব্র সংকটে ভুগছে খড়িবাড়ি হাইস্কুল। স্কুল সূত্রে জানা গিয়েছে, দৈনিক পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ৬২৫ ছাত্রছাত্রী মিড ডে মিল খায়। এজন্য সপ্তাহে দু’টি করে অর্থাৎ মাসে আটটি সিলিন্ডার দরকার। দু’দিন আগেই স্থানীয় এজেন্সির সঙ্গে যোগাযোগ করেও স্বনির্ভর গোষ্ঠী সিলিন্ডার জোগাড় করতে পারেনি। এখন গোষ্ঠীর মহিলারা বাড়ি থেকে সিলিন্ডার এনে মিড ডে মিল রান্না করছেন।

খড়িবাড়ি হাই স্কুলের টিআইসি সাধনা সাহা বলেন, এখন গোষ্ঠীর মহিলাদের সহযোগিতায় মিড ডে মিল পরিষেবা সচল রাখা হয়েছে। জরুরি ভিত্তিতে দু’টি সিলিন্ডার জোগাড় করতে ডিস্ট্রিবিউটরের সঙ্গে কথা বলব। তা না হলে জ্বালানি কাঠের ব্যবস্থা করতে হবে। এজন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই ধরনের পরিস্থিতির সম্মুখীন শিলিগুড়ি শহরের সাতটি মা ক্যান্টিন সহ বিভিন্ন সরকারি অফিস, হাসপাতালের ক্যান্টিন, শহর ও গ্রামের প্রাথমিক, জুনিয়ার হাই এবং হাইস্কুলগুলি। পুরসভা সূত্রে খবর, সাতটির মধ্যে চারটি মা ক্যান্টিনের গ্যাস সিলিন্ডার খালি হওয়ার মুখে। তারা চেষ্টা করেও বুকিং করতে পারছে না। খড়িবাড়ি হাইস্কুলের মতো তারাও সিলিন্ডার জোগাড় করে রান্না করছে।

