অধ্যাপকের রহস্য মৃত্যু দিনহাটায়, ব্যাপক উত্তেজনা ছড়ালো এলাকা জুড়ে
কোচবিহার : নিজের শোবার ঘর থেকে উদ্ধার হল দিনহাটা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক অমিতাভ দত্তের মৃতদেহ। এদিন রাত এগারোটা নাগাদ দিনহাটা শহরের ২ নম্বর ওয়ার্ডে অধ্যাপকের নিজ বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে দিনহাটা থানার পুলিশ ও দমকল বাহিনী। জানা গেছে, এদিন তিনি কলেজে উপস্থিত না থাকায় সহকর্মী ও পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে ওঠেন। তাঁর মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া না পেয়ে শেষ পর্যন্ত পুলিশকে খবর দেওয়া হয়।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ। এরপর দমকল বাহিনীকে ডেকে সহায়তা নেওয়া হয়। দমকল কর্মীরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে অধ্যাপককে বিছানায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে।

পুলিশ এদিন প্রাথমিক ভাবে জানায় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হতে পারে। তবে সঠিক মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য মরদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়। অধ্যাপক অমিতাভ দত্ত দিনহাটা কলেজের অধ্যাপক এবং ছাত্রছাত্রী ও সহকর্মীদের মাঝে অত্যন্ত শ্রদ্ধাশীল ও জনপ্রিয় ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এদিন গভীর শোকের ছায়া নেমে আসে সংশ্লিষ্ট এলাকায়।

