অশ্লীলতার কারণে দেশে পাঁচটি ওটিটি প্ল্যাটফর্মকে নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার
বেস্ট কলকাতা নিউজ : আজকের দিনে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম বা অনলাইন কন্টেন্টে অনেক বেশি আকৃষ্ট হচ্ছেন সাধারণ মানুষ। আর এর সুযোগ নিয়ে বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম বাজারে ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন অশ্লীল ওয়েব সিরিজ। যার বারবারন্ত ক্রমশঃ মাথা ব্যাথার বড় কারণ হয়ে দাড়াচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে। এবার এদরে বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া শুরু করল কেন্দ্র। অশ্লীল কন্টেন্ট দেখানোর জন্য পাঁচটি ওটিটি আ্যপকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এর আগে ২০২৫ এর জুলাই মাসেও একই রকম কড়া পদক্ষেপ নিয়েছিল কেন্দ্র। নিষিদ্ধ করা হয়েছিল ২৫টি ওটিটি প্ল্যাটফর্মকে।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার থেকে ওটিটি প্ল্যাটফর্মগুলিকেও আইনের আওতায় আনা হবে। যাতে তারা আইন-বিরোধী কোনও কনটেন্ট প্রকাশ করতে না পারে এবং কনটেন্টের বয়স-অনুযায়ী শ্রেণিবিভাজন করে সে দিকে কড়া নজরদারি চালান হবে। ইতিমধ্যেই দেশের সমস্ত সমাজমাধ্যম চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্মগুলিকে সতর্ক করেছে কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ২০২১ সালের তথ্য ও প্রযুক্তি আইনে যে কোড অফ এথিক্সের কথা বলা হয়, তা অক্ষরে অক্ষরে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। শিশুরা যাতে কোনোভাবেই প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত কনটেন্ট দেখতে না পায় সেজন্য ‘অ্যাক্সেস কন্ট্রোল ফর এ রেটেড কনটেন্ট’ ব্যবহারের নির্দেশিকা জারি করা হয়েছে।

