চরম গ্যাস সংকটে ভরসা সেই উনুন-স্টোভেই , কোনওক্রমে ব্যবসা চলছে সল্টলেক থেকে ডেকার্সলেনে
বেস্ট কলকাতা নিউজ : মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে গ্যাস সংকট ৷ যার প্রভাব পড়েছে বাড়ির হেঁশেল থেকে কলকাতা বা শহরতলির দোকানগুলিতেও ৷ গ্যাসের ঘাটতির আঁচে কেউ নিচ্ছে খাবারে অতিরিক্ত টাকা ৷ কেউ আবার একেবারে খাবারের পদে কাটছাঁট করেছে ৷ কেউ বসিয়ে দিয়েছে কর্মীদেরও ৷ ব্যবসা চালাতে এরকম একাধিক পন্থা নিতে দেখা যাচ্ছে ছোট-বড় ব্যবসায়ীদের ৷ তবে এই নিয়ে অবশ্য ক্রেতাদের মধ্যে কোনও ক্ষোভ লক্ষ্য করা যায়নি । বরং তাঁরা সহযোগিতাই করছেন ।

সল্টলেক সেক্টর-5 । কলকাতার চেনা আইটি হাব । হাজার হাজার মানুষ আসেন কাজে । সকাল থেকেই এই চত্বরে ছোট ছোট খাবারের দোকানে থাকে ক্রেতাদের আনাগোনা । চা থেকে বাটার টোস্ট, ডিম সিদ্ধ থেকে ঘুঘনি দিয়ে শুরু । দুপুরে কেউ ফ্রায়েড রাইস, চিকেন, কেউ আলুর পরোটা, কেউ ডাল ভাত তো কেউ কচুরি আলুরদম অর্ডার করেন । তবে এখন গ্যাসের সংকটে সব খাবার ব্যবসায়ীদের এক চরম নাজেহাল অবস্থা।অনেকেই গ্যাস না পেয়ে ফিরিয়ে এনেছেন পুরনো স্টোভ । কিনছেন বাড়তি দামে কেরোসিন তেল । আবার কেউ কেউ ইট দিয়ে তৈরি করে ফেলেছেন উনুন । কেউ গ্যাসের সঙ্গেই চালাচ্ছেন ইন্ডাকশন ওভেন । রুটি-রুজির তাগিদে নিজেরাই ব্যবসা চালাতে বের করেছেন এক এক রকমের পন্থা । এদিকে দক্ষিণ কলকাতার পাটুলির ঝিল পারে বেশ কিছু বছর ধরেই জনপ্রিয় হয়ে উঠেছে ফুড স্ট্রিট । সুন্দর সাজানো চত্বরে সারি সারি লাইন দিয়ে হরেক রকমের খাবারের দোকান । গ্যাসের সমস্যায় সেখানেও নাজেহাল দোকানদাররা। একটি খ্যাতনামা চায়ের দোকানে দুধ জাল দিতে এক দিকে ব্যবহার হচ্ছে ইন্ডাকশন, অন্যদিকে কাঠের আঁচ ।

