জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে কালীপাহাড়ে ভয়াবহ আগুন, চরম আতঙ্ক ছড়ালো এলাকায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পুরুলিয়ার রঘুনাথপুরে জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে কালীপাহাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়ায়। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে পাহাড়ের বিস্তীর্ণ এলাকার বহু গাছপালা। আগুনের তীব্রতার জেরে পাহাড়ের পাদদেশে বসবাসকারী একাধিক পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন। ঘটনার খবর পেয়ে দ্রুত দমকল বাহিনীর কর্মী ও রঘুনাথপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতায় এগিয়ে আসেন এলাকার স্থানীয় বাসিন্দারাও।

এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দমকল বাহিনী একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে যায়। আগুন নেভানোর কাজ শুরু হয়। তবে, আগুন পাহাড়ের চূড়ায় ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। কারণ দমকলের পাইপ পাহাড়ের উপর পর্যন্ত পৌঁছানো সম্ভব হচ্ছে না। সময় যত গড়াচ্ছে, আগুনের ভয়াবহতা ততই বাড়ছে। এই ঘটনায় গোটা এলাকাজুড়ে তীব্র আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকাবাসীরা বলেন, রাতের দিকে যদি আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে, তাহলে পাহাড়ের নীচে থাকা বাড়িঘরে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় বাসিন্দা শিবরাম বাউরি, বাবু বাউরি বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। পুলিশ ও দমকল বাহিনীর সঙ্গে তাঁরাও হাত লাগিয়েছেন। তবে, আগুন পুরোপুরি নেভানো যায়নি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দ্রুত এবং সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কীভাবে আগুন লাগল তাও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *