ঝাড়গ্রাম মেডিকেল চত্বরে মৌমাছির আক্রমণে জখম হল চিকিৎসক ও নার্স
বেস্ট কলকাতা নিউজ : ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে মৌমাছির হানায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চিকিৎক , নার্স ও রোগীর পরিবারের সদস্যদের মৌমাছি হুল ফুটিয়ে জখম করছে। এদিন মৌমাছির হুল ফোটানোর জেরে ১১ জন আহত হয়। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বনবিভাগ ও দমকল বাহিনীকে খবর পাঠায়।

এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও পার্শ্ববর্তী এলাকায় বড় বড় শাল গাছে মৌমাছির চাক রয়েছে। মৌমাছির ঝাঁক হাসপাতাল চত্বর ও ওয়ার্ডের ভিতর ঢুকে পড়ছে। সপ্তাহখানেক ধরে মৌমাছির আক্রমণ চলছে। হাসপাতালের তরফে রোগীর পরিবারের সদস্যদের বারবার সতর্ক করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা পরিষেবার ব্যাঘাত ঘটায় উদ্বেগ প্রকাশ করছেন। মৌমাছির আক্রমণে গত কয়েকদিনে ২৩ জন জখম হয়েছেন। হাসপাতালের জরুরি বিভাগে ১৩ জন চিকিৎসা করিয়েছেন। এমনকি মেডিসিন বিভাগের চিকিৎসক কুশল মল্লিককে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। ওয়ার্ডে মধ্যে মৌমাছি ঢুকে পড়ায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। হাসপাতালের এক চিকিৎসক বলেন, হাসপাতালের ভিতর পঞ্চাশ ফুট গাছের উপর মৌমাছির চাক রয়েছে। সেখান থেকেই মৌমাছির ঝাঁক হানা দিচ্ছে। হাসপাতালের পার্শ্ববর্তী বড় গাছগুলোতেই মৌমাছির চাক রয়েছে। গত কয়েকদিনে মৌমাছির উপদ্রব হঠাৎ বেড়ে গিয়েছে।

