বকেয়া ডিএ মেটাতে তৎপর হল নবান্ন, বিশ্ববিদ্যালয়গুলির কাছে তলব করা হল শিক্ষক-কর্মীদের বিস্তারিত তালিকা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বা ডিএ প্রদান নিয়ে বড় পদক্ষেপ গ্রহণ করলো রাজ্য সরকারের। বকেয়া মহার্ঘভাতার জট কাটাতে এবার তৎপরতা শুরু হল প্রশাসনিক স্তরে । নবান্নের নির্দেশিকা মেনে রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির কাছে কর্মরত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বিস্তারিত তালিকা তলব করল রাজ্যের উচ্চশিক্ষা দফতর । শুধুমাত্র কর্মরতরাই নন, সরকারের তরফে পাঠানো ওই নির্দেশিকায় অবসরপ্রাপ্ত কর্মীদের যাবতীয় তথ্যও দ্রুত জমা দেওয়ার কথা বলা হয়েছে।

​জানা গিয়েছে, রাজ্য অর্থ দফতর ২০১৬ সালের জানুয়ারি মাস থেকে শুরু করে ২০১৯ সালের ডিসেম্বর মাস পর্যন্ত সময়কালের হিসাব চূড়ান্ত করতে চাইছে । এই নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মরত কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের বেতন, বিভিন্ন ভাতা এবং পেনশনের যাবতীয় তথ্য বিস্তারিতভাবে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । এই মর্মে রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির রেজিস্ট্রারদের কাছে ইতিমধ্যেই স্পষ্ট নির্দেশিকা পাঠানো হয়েছে । ওই নির্দেশিকায় আরো বলা হয়েছে, শিক্ষক ও কর্মীদের প্রতি মাসে দেওয়া মহার্ঘভাতা এবং মহার্ঘ ত্রাণের সম্পূর্ণ ও নির্ভুল হিসাব প্রস্তুত করে পাঠাতে হবে। উল্লেখ্য , দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের মহার্ঘভাতা বা ডিএ নিয়ে টানাপোড়েন চলছে । রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং বিষয়টি নিয়ে আদালতেও আইনি লড়াই চলছে । এই আবহে রাজ্য সরকারের এই প্রশাসনিক পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *