বছরের প্রথম বৃষ্টিতে এক বিরাট আশার আলো দেখছেন জলপাইগুড়ির চা বাগান মালিকরা
বেস্ট কলকাতা নিউজ : চার মাসের প্রতীক্ষার অবসান। অবশেষে নামল বৃষ্টি। আর সেই বৃষ্টিতেই নতুন আশার আলো দেখছেন জলপাইগুড়ির চা বাগানের মালিকরা। লক্ষ্মীলাভের আশায় বাগান মালিকরা। উত্তরবঙ্গের চা বাগানগুলিতে এখন চলছে প্রথম ফ্ল্যাশের চা পাতার উৎপাদন। এই প্রথম ফ্ল্যাশের পাতা মিলবে এপ্রিল পর্যন্ত। তারপরই শুরু হবে সেকেন্ড ফ্ল্যাশের মরসুম। দীর্ঘদিন বৃষ্টি না থাকায় চা গাছের বৃদ্ধিতে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছিল। কপালে চিন্তার ভাঁজ পড়েছিল চা শ্রমিকদের। কিন্তু সাম্প্রতিক বৃষ্টি সেই উদ্বেগকে অনেকটাই কাটিয়ে দিয়েছে।

চা বাগান মালিকদের মতে, এই বৃষ্টির ফলে বাগানে নতুন কচি পাতা আসবে। সেই সঙ্গে পাতার গুণমানও বাড়বে, যা চায়ের স্বাদ ও মানকে আরও উন্নত করবে। জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষি সমিতির সভাপতি বিজয়গোপাল চক্রবর্তী জানান, ‘শেষবার বৃষ্টি হয়েছিল গত বছরের ২৮ অক্টোবর। তারপর দীর্ঘ সময় ধরে আর বৃষ্টি হয়নি। তারপর এবছর কয়েকদিনে যে বৃষ্টি হয়েছে, তাতে চায়ের উৎপাদন বাড়বে বলে আমরা আশাবাদী’। অন্যদিকে করলাভ্যালি চা বাগানের সিনিয়র ম্যানেজার রথীন গঙ্গোপাধ্যায়ও দেখছেন আশার আলো। তাঁর মতে, এই বৃষ্টির কারণে সেকেন্ড ফ্ল্যাশের চা অত্যন্ত ভালো মানের হবে।

