বাংলার শীর্ষ আমলাদের রাতারাতি রদবদল কমিশনের, রাজ্যসভায় ওয়াকআউট করলেন তৃণমূল শিবির
বেস্ট কলকাতা নিউজ : পশ্চিমবঙ্গের শীর্ষ আমলাদের ‘রাতারাতি’ রদবদলের নির্বাচন কমিশনের নির্দেশের প্রতিবাদে সোমবার রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন তৃণমূল কংগ্রেসের সদস্যরা। রাজ্যসভার শুরুতে তৃণমূল কংগ্রেসের ডেরেক ও’ব্রায়েন বিষয়টি উত্থাপন করে জানান যে, নির্বাচন কমিশন রবিবার রাতে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব, প্রধান সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে অপসারণ করেছে। তাই তার দল কমিশনের এই পদক্ষেপের বিরোধিতা করে এবং আজকে সংসদ থেকে ওয়াকআউট করছে।এই বিষয়ে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তৃণমূল কংগ্রেসকে বলেন যে, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা এবং এর সিদ্ধান্তের সঙ্গে সরকারের কোনও সম্পর্ক নেই। তিনি বলেন যে নির্বাচন কমিশনকে সংবিধানে ক্ষমতা দেওয়া হয়েছে এবং সংসদে তার সিদ্ধান্ত উত্থাপনের কোনও মানে হয় না। তিনি বলেন যে এই ধরনের বিষয় উত্থাপন করা সংসদের সময়ের অপব্যবহার।

কিরেন রিজিজু বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে সম্মান করা উচিত ৷ কিন্তু, তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস তাদের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পরেই নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী নন্দিনী চক্রবর্তী-সহ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুই শীর্ষকর্তাকে তাঁদের পদ থেকে অপসারণ করে।কমিশন ১৯৯৩ ব্যাচের ভারতীয় প্রশাসনিক পরিষেবা (আইএএস) কর্মকর্তা দুষ্মন্ত নাড়িয়ালাকে রাজ্যের মুখ্য সচিব নিযুক্ত করেছে এবং জানিয়েছে যে নন্দিনী চক্রবর্তীকে নির্বাচন-সম্পর্কিত কাজ থেকে দূরে রাখা হবে। কমিশন পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মীনাকেও তাঁর পদ থেকে অপসারণ করেছে। রবিবার রাতে রাজ্য সরকারকে পাঠানো এক চিঠিতে কমিশন ১৯৯৭ ব্যাচের আইএএস কর্মকর্তা সংঘমিত্রা ঘোষকে স্বরাষ্ট্র ও পাহাড় বিষয়ক প্রধান সচিব হিসেবে নিয়োগের নির্দেশ দিয়েছে।

