যুবভারতীকাণ্ডে জল গড়াল কলকাতা হাইকোর্টে, অবশেষে দায়ের হল তিনটি মামলা
বেস্ট কলকাতা নিউজ : কলকাতায় মেসি উন্মাদনায় যে তাণ্ডব হয়েছে যুবভারতী স্টেডিয়ামে তার জল আরও এগোল ৷ এদিন কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলার অনুমতি চান আইনজীবীরা । অনুমতি মিলতেই সল্টলেকের যুবভারতীতে মেসি-দর্শনকে কেন্দ্র করে ঝামেলার ঘটনায় তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয় ৷ এই মামলা দায়রের অনুমতি দেওয়া হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চের তরফে ।এদিন একটি মামলা দায়ের করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । অপর মামলাটি দায়ের করা হয় আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের তরফে ৷ আরও একটি মামলা দায়ের করেছেন আইনজীবী মৈনাক ঘোষাল ৷ আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের দাবি, রাজ্য সরকার অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত কমিটি গঠন করেছেন । সেই ক্ষমতা রাজ্যের নেই ।

এদিকে, এদিনই যুবভারতীতে চরম বিশৃঙ্খলার অভিযোগে এবার শুভ্রপ্রতিম দে ও সৌরভ বসু নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত গ্রেফতার হওয়ার পর তদন্তকারীদের নজরে এসেছেন আরও একাধিক ব্যক্তি। অন্যদিকে, যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতারের পর রবিবার বিধাননগর আদালত তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ হেফাজতে পেয়েই তদন্তকারীরা শতদ্রুকে জেরা করে আরও কয়েকজনের নাম জানতে পেরেছেন বলে সূত্রের খবর।

