সিকিমে ফের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধসে কার্যত বিচ্ছিন্ন হল লাচুং, আটকে পড়লো বহু পর্যটক

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : শীতের শেষ আর গরমের শুরু। এই সময়টা মনোরম শোভা উপভোগ করতে বহু মানুষই পাড়ি দেন পাহাড়ে। অন্যাথা হয়নি এবারও। বহু পর্যটকই ভীড় জমিয়েছেন সিকিমে। আর উত্তর-পূর্বের বাঙালির এই হট ফেভারিট ডেস্টিনেশনে গিয়ে চরম বিপাকে কয়েক হাজার পর্যটক। লাগাতার প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিমের বিস্তীর্ণ অঞ্চল। সব থেকে ক্ষতিগ্রস্ত উত্তর সিকিম। একটানা বৃষ্টি চলছে এই অঞ্চলে। তার জেরেই নেমেছে ভয়ঙ্কর ভূমিধস। চুংথামের সঙ্গে লাচেনকে সংযোগ করে তারাম চু নদীর উপর বেইলি ব্রিজ। এই ব্রিজের কাছেই ভয়াবহ ধসের ঘটনা ঘটেছে। সম্প্রতি তৈরি হয়েছে এই ব্রিজ। আর তার ফলে চুংথাং থেকে লাচেন যাওয়ার রাস্তা বন্ধ। আটকে পড়েছেন বহু পর্যটক। রাস্তাতে কয়েকশো গাড়ির লম্বা লাইন পড়েছে। লাচেনে থাকা পর্যটকদের সঙ্গে সিকিমের মূল ভূখণ্ডের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

এদিকে আজ সকাল থেকেই রাস্তা মেরামত ও উদ্ধারের কাজ শুরু হয়েছে। ভারতীয় সেনা, আইটিবিপি, বর্ডার রোডস অর্গানাইজেশন ও স্থানীয় পুলিশ প্রশাসন যৌথভাবে উদ্ধারকাজ শুরু করেছে। তবে উদ্ধারকারী দলকে সব থেকে চিন্তায় রেখেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। বলা হয়েছে শুক্রবার পযন্ত দুর্যোগ চলবে সিকিমে। অন্যদিকে, প্রবল তুষারপাতের জেরে উত্তর সিকিমের ইয়ামথাং থেকে জিরো পয়েন্ট যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। আইস কাটার মেশিন চালিয়ে রাস্তা থেকে বরফ সরানোর কাজ চলছে। গুরুদংমার থেকে ডংখেলা পাস যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে যায় তুষারপাতের জেরে। এই রাস্তাতে সকাল থেকে ছিল প্রায় ৫ ইঞ্চি বরফ। দু’জায়গাতেই রাস্তার বরফ সরানোর কাজ চালায় প্রশাসন। লাচেনের পথ বন্ধ থাকলেও খোলা রয়েছে চুংথাম-লাচুং যাওয়ার রাস্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *