সৌরবিদ্যুতে চলবে সেচ ব্যবস্থা, সবংয়ে চালু রাজ্যের প্রথম সোলার টিউবওয়েল প্রকল্প
বেস্ট কলকাতা নিউজ : চিরাচরিত বিদ্যুতের উপর নির্ভরতা কমিয়ে এবার পরিবেশবান্ধব শক্তির সাহায্যে সেচ ব্যবস্থায় জোর দিল রাজ্য সরকার । কৃষকদের সুবিধার্থে পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের দেবভোগ এলাকায় চালু হল রাজ্যের প্রথম সৌরবিদ্যুৎ চালিত মিডিয়াম ডিপ টিউবওয়েল প্রকল্প । এদিকে রাজ্যের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরের মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার উপস্থিতিতে এই পাইলট প্রজেক্টের সাফল্যের খতিয়ান তুলে ধরা হয় । জানা গেছে মূলত আদিবাসী অধ্যুষিত এই এলাকায় সেচের জলের সমস্যা মেটাতেই রাজ্য সরকারের এই অভিনব উদ্যোগ । জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরের এই নতুন প্রকল্পের ফলেই স্থানীয় কৃষকদের মুখে হাসি ফুটেছে ।

আরো জানা গিয়েছে, এই সৌরবিদ্যুৎ চালিত সেচ প্রকল্পের মাধ্যমে সবংয়ের ওই এলাকার প্রায় ১৫০ বিঘা কৃষিজমিতে অনায়াসে সেচের জল পৌঁছে দেওয়া সম্ভব হবে । এর ফলে সরাসরি উপকৃত হবেন এলাকার ৩৫৮ জন কৃষক। উল্লেখযোগ্য বিষয় হল, এই সুবিধাভোগী কৃষকদের মধ্যে সিংহভাগই তফসিলি উপজাতি সম্প্রদায়ের । এদিকে সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ৩০০ জন আদিবাসী কৃষক, ৫০ জন সাধারণ বর্গ এবং আটজন তফসিলি জাতি ভুক্ত কৃষক এই প্রকল্পের সুবিধা পাবেন ।
সৌরবিদ্যুৎ চালিত সেচ ব্যবস্থার সুবিধা : দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের এই পদক্ষেপ মূলত সবুজ, নির্গমনমুক্ত এবং সাশ্রয়ী সেচ ব্যবস্থাকে উৎসাহিত করার লক্ষ্যেই নেওয়া হয়েছে । দীর্ঘদিন ধরেই কৃষিকাজে সেচের জন্য ডিজেল চালিত পাম্পের ব্যবহার হয়ে আসছে । কিন্তু একদিকে যেমন ডিজেলে চালানোর খরচ ক্রমশ বাড়ছে, যার ফলে কৃষকদের লাভের অঙ্ক কমছে ৷ অন্যদিকে পাম্প থেকে নির্গত ধোঁয়া পরিবেশের মারাত্মক ক্ষতি করছে । এই জোড়া সমস্যা থেকে মুক্তি পেতেই সৌরশক্তির ওপর জোর দেওয়া হচ্ছে ।

