আনন্দপুরের স্মৃতি উসকে ফের অফিস টাইমে বহুতলে আগুন সেক্টর ফাইভে! চরম আতঙ্ক ছড়ালো কর্মীদের মধ্যে
বেস্ট কলকাতা নিউজ : জানুয়ারির শেষে আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডের স্মৃতি এখনও টাটকা । তারই মধ্যে ফের শহরে বহুতলে আগুন, এবার তথ্যপ্রযুক্তি হাব সল্টলেক সেক্টর ফাইভে । অফিস টাইমে গ্লোবসিন ক্রিস্টাল বিল্ডিং থেকে আচমকা গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখা যায় । মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ।স্থানীয় সূত্রের খবর, এদিন দুপুরে বহুতলের উপরের দিক থেকে প্রথমে ধোঁয়া দেখা যায় । কিছুক্ষণের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশে ৷ একাধিক বেসরকারি সংস্থার অফিস রয়েছে ওই ভবনে । টপ ফ্লোরে একটি রেস্তোরাঁও আছে । সেখান থেকেই এদিন আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে জানানো হয় । তবে আগুনের উৎস সম্পর্কে দমকলের তরফে এদিন আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি ৷

এদিকে খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় । দমকলকর্মীরা ভবনের ভিতরে ঢুকে আগুন নেভানোর কাজ শুরু করেন । বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানান দমকলের এক কর্তা। ঘটনার জেরে অফিসকর্মীদের মধ্যে এদিন তীব্র আতঙ্ক ছড়ায় । অনেকেই কাজ ফেলে তড়িঘড়ি বিল্ডিং ছেড়ে রাস্তায় নেমে আসেন । আশপাশের বহুতল থেকেও কর্মীরা বেরিয়ে আসেন নিরাপত্তার কারণে । অফিস টাইমে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই এদিন চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় সেক্টর ফাইভ চত্বরে ৷ রাস্তায় ভিড় জমে যাওয়ায় তীব্র যানজটের পরিস্থিতিও তৈরি হয়৷

