আজ পরিক্রমার মধ্যে দিয়ে সূচনা হল শ্রীসজ্জনসেবক গৌড়ীয় মঠের দোল উৎসবের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বুধবার ভোরে গঙ্গামাতার কাছে সংকল্প গ্রহণ ও নবদ্বীপ ধাম পরিক্রমার মধ্য দিয়ে শ্রীসজ্জনসেবক গৌড়ীয় মঠের দোল তথা গৌরপূর্ণিমা উৎসবের সূচনা হল । জানা গেছে গৌরাঙ্গ সেতু লাগোয়া মহিশুড়ার খড়ের মাঠ এলাকার এই মঠের উৎসব এবছর তৃতীয় বর্ষে পড়েছে। এখানে রাধাকৃষ্ণের দোলের পাশাপাশি মূলত গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব দিবস উদ্‌যাপিত হয়।

এদিকে আজ এই উৎসব উপলক্ষ্যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের পাশাপাশি অস্ট্রেলিয়া, রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, জার্মানি, মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে প্রায় ৩০০ বিদেশি ভক্তরাও এসেছেন। সেইসঙ্গে এরাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দিল্লি, অসম, ত্রিপুরা, উত্তর ও দক্ষিণ ভারতের নানা রাজ্য থেকে প্রচুর ভক্ত এসেছেন। জানা গেছে এবছর নবদ্বীপ ধাম পরিক্রমায় দেশবিদেশের প্রায় ১০হাজার ভক্ত অংশ নেবেন।

উল্লেখ্য , আগামী ৩মার্চ মঙ্গলবার পালিত হতে চলেছে দোল উৎসব বা গৌরপূর্ণিমা। দোলের দিনই নবদ্বীপ ধামে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। তাই নবদ্বীপে দোল উৎসবের আলাদা তাৎপর্য রয়েছে। আজ বুধবার গঙ্গামাতার কাছে সংকল্প গ্রহণের পর শ্রীসজ্জনসেবক গৌড়ীয় মঠের নবদ্বীপধাম পরিক্রমা শুরু হচ্ছে। টানা ২মার্চ পর্যন্ত গৌরাঙ্গ মহাপ্রভুর বিভিন্ন স্মৃতিবিজড়িত স্থান ভক্তরা পরিক্রমা করবেন। উৎসবকে কেন্দ্র করে প্রতিদিন মন্দির প্রাঙ্গণে নামকীর্তন ও ভক্তিমূলক গান চলবে। দোলের দিন সকালে এমনকি যজ্ঞ হবে। সারাদিন হরিনাম সংকীর্তন ও কীর্তন চলবে। এবছর গৌরপূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ থাকছে। সেকারণে গ্রহণের পর সন্ধ্যা ৭টায় অভিষেক অনুষ্ঠিত হবে। তারপর সবার জন্য মহাপ্রসাদেরও আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *