পশ্চিম মেদিনীপুরে উদ্ধার হল পূর্ণবয়স্ক মৃত মা হাতি , এলাকায় ছড়ালো ব্যাপক আতঙ্ক
পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের চাদড়ার শিরসি গ্রামে এক মৃত মা হাতির দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় । জানা যায় এদিন সকালে স্থানীয় গ্রামবাসীরাই প্রথম হাতিটির নিথর দেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গেই বনদপ্তরকে খবর দেন।এদিকে গ্রামবাসীদের দাবি, কয়েকদিন ধরেই এলাকায় প্রায় ২০-২৫টি হাতির একটি পাল ঘোরাফেরা করছিল। ফসলের ক্ষতি এবং হাতির আনাগোনায় আতঙ্কের পরিবেশও তৈরি হয়েছিল সংলগ্ন এলাকায় । এর মধ্যেই হঠাৎ একটি পূর্ণবয়স্ক মা হাতির মৃত্যু ঘিরে তাদের উদ্বেগ আরও বেড়েছে।

এমনকি ঘটনার খবর পেয়ে এদিন বনদপ্তর ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কী কারণে হাতিটির মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হয় । প্রাথমিকভাবে মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও, বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয় যে ময়নাতদন্তের পরেই প্রকৃত কারণ জানা যাবে।এদিকে, মৃত হাতিটির দেহ সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এদিন ক্রেন আনার ব্যবস্থা করা হয় । নিরাপত্তার স্বার্থে এদিন এলাকায় নজরদারি বাড়ানো হয় যাতে বাকি হাতির পাল মানুষের বসতিতে ঢুকে না পড়ে। ঘটনাকে কেন্দ্র করে এদিন এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হলেও বনদপ্তর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দেয়।

