যাদবপুরের রাস্তায় ইভিএম বোঝাই কন্টেনার! স্ট্রংরুমের বাইরে লাইভ ফুটেজে চোখ সব দলের কর্মীদের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তাজুড়ে সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে বিরাট বড়ো বড়ো কন্টেনার বোঝাই ট্রাক। বৃহস্পতিবার সকালে মাঝেমধ্যে গড়িয়াগামী যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছিল। কারণ, ওই কন্টেনারগুলো এক এক করে প্রবেশ করছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিক কলেজের মূল ফটকের সামনে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতে ভিডিয়ো করে সেই কন্টেনারের দরজা খোলা হচ্ছে। সেই কন্টেনারের ভিতরে আবার রাখা রয়েছে অনেকগুলো ট্রাঙ্ক। সেই সব বন্ধ ট্রাঙ্ক কেন্দ্রের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। ট্রাঙ্কের গায়ে লেখা বিধানসভা কেন্দ্রের নাম। আধিকারিকরা বলছিলেন, ওই ট্রাঙ্কের ভিতরেই রয়েছে ইভিএম, ভিভিপ্যাট। যাদবপুরের ওই কলেজে রাখা হয়েছে ৭টি আসনের ইভিএম। বৃহস্পতিবার একে একে কড়া নিরাপত্তার বেষ্টনীতে সেসব কেন্দ্রের ইভিএম ও ভিভি প্যাট কেন্দ্রের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে।

যাদবপুরের এই কলেজে বারুইপুর মহকুমার জয়নগর, কুলতলি, ভাঙড়, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর উত্তর ও সোনারপুর দক্ষিণের ইভিএম রাখা হয়েছে। ৪ মে এই কলেজেই সাত কেন্দ্রের গণনাও হবে বলে খবর। এদিন সকাল থেকেই ইভিএম যেখানে রাখা হয়েছে, সেই স্ট্রংরুমের সিসিক্যামেরার লাইভ ফুটেজ বাইরে টাঙানো টিভির পর্দায় দেখানো হচ্ছে। সেই ফুটেজ বিভিন্ন দলের এজেন্টরা বাইরে বসে দেখছেন। এজেন্টদের বসার জন্য ছাউনি করা হয়েছে। সেখানেই উপস্থিত হয়েছিলেন রাজপুর-সোনারপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার পাপিয়া হালদার। তিনি জানান , ‘এই পদ্ধতি তো আমাদের কাছে একেবারেই নতুন। আমরা ভিতরে প্রবেশ করতে পারছি না। দলীয় নির্দেশ মেনে পালা করে করে এখানে রয়েছি। স্ট্রংরুম পাহারা দিচ্ছি। সিসি ক্যামেরার ফুটেজের উপর নজর রেখেছি। কোনো ক্যামেরা বন্ধ হয়ে গেলেই সঙ্গে সঙ্গে তা কর্তৃপক্ষকে জানাচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *