ভোট পরবর্তী হিংসা রুখতে কড়া হল প্রশাসন, বাঁকুড়ায় গ্রেপ্তার হল ৬০ জন
বেস্ট কলকাতা নিউজ : ভোট পরবর্তী হিংসা রুখতে ৬০জনকে গ্রেপ্তার করেছে বাঁকুড়া পুলিশ। ধৃতদের মধ্যে বেশিরভাগেরই বাড়ি বিষ্ণুপুর মহকুমা এলাকায়। সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে ওই ৬০জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে বুধবার কেন্দ্রীয় বাহিনীর আধিকারিককে নিয়ে বাঁকুড়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত ও পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করেন। এদিন বেলা ১১টা নাগাদ জেলা কালেক্টরেটের কনফারেন্স হলে আয়োজিত ওই সাংবাদিক সম্মেলনে জেলাশাসক বলেন, বাঁকুড়ায় ভোটপর্ব শান্তিপূর্ণ ছিল। ভোটের পরেও যাতে শান্তির পরিবেশ বজায় থাকে, তারজন্য আমরা কড়া নজরদারি চালাচ্ছি। পুলিশ সুপার জানান , ভোটের ফল প্রকাশের পর মোটের উপর বাঁকুড়া শান্তি রয়েছে। বিক্ষিপ্ত কিছু গণ্ডগোল ছাড়া জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো রয়েছে। তবে হিংসা ছড়াতে পারে এমন আশঙ্কা থেকে আমরা ৬০জনকে গ্রেপ্তার করেছি। ধৃতদের বেশিরভাগেরই বাড়ি পাত্রসায়র, সোনামুখী থানা এলাকায়।


