কাজ চলাকালীন ঘটলো ভয়াবহ দুর্ঘটনা, ৭ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হল নির্মীয়মাণ বিল্ডিংয়ের দেওয়াল ধসে পড়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কাজ চলাকালীন ঘটে গেলো ভয়াবহ দুর্ঘটনা ৷ সোমবার রাতে, হরিয়ানার গুরুগ্রামের গ্লোবাল সিগনেচার সোসাইটিতে একটি নির্মীয়মাণ প্রকল্পের কাজ চলছিল ৷ তখনই আচমকায় একটি দেওয়াল ধসে পড়ে । যার জেরে ধসে নীচে আটকে যান শ্রমিকরা ৷ খবর পেয়ে বিলাসপুর থানা এবং এসডিআরএফ -এর আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে কাদা-মাটির নীচ থেকে শ্রমিকদের উদ্ধার করেন ৷ পরিস্থিতি বেগতিক হওয়ায় সময় লেগে যায় কয়েক ঘণ্টা ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরুগ্রামের ওই সোসাইটিতে পয়ঃনিষ্কাশন শোধনাগার বা বর্জ্য শোধন এর কাজ চলছিল ৷ রাত 8টার দিকে, বেসমেন্টে একটি মাটির দেওয়াল হঠাৎ ধসে পড়ে ৷ যার ফলে ১০ জন শ্রমিক আটকে পড়েন । ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য শ্রমিকরা উদ্ধার করতে গেলে কোনও লাভ হয়নি ৷ পরে পুলিশ ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা এসে শ্রমিকদের উদ্ধার করেন ৷ কিন্তু কাদা-মাটি মেশানো ওই জায়গায় শ্রমিকরা এমনভাবে আটকে পড়েন যে তাঁদেরকে সেখান থেকে বের করে আনতে উদ্ধারকারীদের যথেষ্ট বেগ পেতে হয় ৷ ওই এলাকা শহর থেকে দূরে রাজস্থান-হরিয়ানায় সীমানায় ৷ তাই শ্রমিকদের উদ্ধার করে রাজস্থানের ভিওয়াড়ির সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানকার চিকিৎসক সাত শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন ৷ আপাতত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন ৷ ভিওয়াড়ির অতিরিক্ত পুলিশ সুপার অতুল সাহু জানিয়েছেন, মৃতদের মধ্যে রয়েছে পরমেশ্বর (৫২ ), সতীশ (৩৫ ), ভাগীরথ (৫০ ) এবং মঙ্গল (৩২ )। বাকি তিনজনের এখনও পরিচয় জানা যায়নি । হরিয়ানা পুলিশকে এ ব্যাপারে জানানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *