গলসিতে রাস্তা নির্মাণে চূড়ান্ত বেনিয়ম, অবশেষে কাজ বন্ধ করলেন এলাকার বাসিন্দারা
বেস্ট কলকাতা নিউজ : দীর্ঘদিন বেহাল থাকার পর গলসির গোহগ্রাম এলাকায় গরম্বা থেকে গোপডাল রাস্তার নির্মাণ কাজ শুরু হয়েছে। এবার সেই রাস্তা নির্মাণে বেনিয়মের অভিযোগ উঠল। সোমবার কাজ বন্ধ করে ঠিকাদারি সংস্থার জেসিবির সামনে বিক্ষোভও করেন। অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সংস্কারের কাজ হচ্ছে। শিডিউল মেনে কাজ হচ্ছে না। যদিও ঠিকাদারি সংস্থা অভিযোগ অস্বীকার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে , গরম্বা থেকে গোপডাল যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। গোহগ্রাম, জয়কৃষ্ণপুর সহ প্রায় ২২টি গ্রামের বাসিন্দারা রাস্তাটির উপর নির্ভর করে। তাছাড়া এই রাস্তা দিয়ে সদরঘাট যাওয়া যায়। বাম আমলে কয়েকবার মোরাম দেওয়া হলেও পরবর্তীতে আর নজর দেওয়া হয়নি। একাধিকবার প্রশাসনের কাছে আবেদন করেও সুরাহা হয়নি। অবশেষে পথশ্রী প্রকল্পে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। প্রায় তিন কিলোমিটার এই রাস্তা তৈরিতে খরচ হচ্ছে ১ কোটি টাকারও বেশি।
কিন্তু অভিযোগ, গত জানুয়ারি মাসে রাস্তার কাজ শুরুর কথা থাকলেও তা মানা হয়নি। সম্প্রতি কাজ শুরু করে ঠিকাদারি সংস্থা। স্থানীয়দের দাবি, যেভাবে রাস্তা সংস্কারের কাজ হচ্ছে তাতে আমাদের দুর্ভোগ বাড়বে। কয়েকদিনের মধ্যেই রাস্তা খারাপ হয়ে যাবে। তার দায় কে নেবে? জয়কৃষ্ণপুরের বাসিন্দা মনোজ ভক্ত বলেন, পুরনো রাস্তার উপরেই দায়সারা কাজ হচ্ছে। ঠিকাদার সংস্থার কাছে আমরা শিডিউল দেখতে চেয়েছিলাম। কিন্তু যে শিডিউল দেখানো হয়, তা আসল নয়। আমরা চাই স্বচ্ছভাবে রাস্তা হোক। এক বিক্ষোভকারী বলেন, বেহাল রাস্তা নতুনভাবে তৈরি হওয়ায় আমরা খুশি ছিলাম। কিন্ত রাস্তাটিতে এখন প্রশাসন নজর না দিলে আমরা সমস্যায় পড়ব। এলাকার উন্নতির জন্য টাকা বরাদ্দ হচ্ছে। অথচ এভাবে টাকার অপচয় হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে গ্রামের লোককে রাস্তার কাজের সামগ্রিক তথ্য বুঝিয়ে দিক।

