নিউ মার্কেটে বুলডোজার-কাণ্ডে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : নিউ মার্কেটের হগ মার্কেটে বুলডোজার চালিয়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস এবং একটি মাংসের দোকানে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে এ বার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এক আইনজীবী । ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হয়েছে আদালতে । শুক্রবার প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে ।

মামলাকারী আইনজীবীর প্রশ্ন, কলকাতার প্রাণকেন্দ্রে, নিউ মার্কেট এলাকায়, কলকাতা পুরসভার সদর দফতরের পাশেই যদি প্রকাশ্যে বুলডোজার নিয়ে ভাঙচুর চালানো যায়, তা হলে জেলার গ্রামাঞ্চলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতে পারে? তাঁর অভিযোগ, দীর্ঘ সময় ধরে জেসিবি মেশিন এনে ডিজে বাজিয়ে ভাঙচুর চললেও পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকায় ছিল । ঘটনায় উপস্থিত পুলিশ আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপের আর্জিও জানানো হয়েছে মামলায় ।

শুধু নিউ মার্কেট নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট-পরবর্তী ভাঙচুর ও রাজনৈতিক হিংসার ঘটনাতেও আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে ওই জনস্বার্থ মামলায় । রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই একাধিক জায়গায় সংঘর্ষ, হামলা এবং পালটা আক্রমণের অভিযোগ সামনে এসেছে । যদিও বিজেপি নেতৃত্বের তরফে বারবার দাবি করা হয়েছে, হিংসা কঠোর হাতে দমন করা হবে । পালটা রাজ্য প্রশাসনও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *