বাতি নিভলেই মুহূর্তের মধ্যে খবর পৌঁছে যাবে কর্পোরেশনের কাছে, নয়ডা-চণ্ডীগড়ের পর স্মার্ট হতে চলেছে শহর কলকাতা
বেস্ট কলকাতা নিউজ : নয়ডা ও চণ্ডীগড়ের সঙ্গে এবার একসারিতে আসতে চলেছে শহর কলকাতা৷ ওই দুই শহরের মতো এবার মহানগরেও চালু হতে চলেছে স্মার্ট সিটি স্ট্রিট লাইট সিস্টেম৷ যে ব্যবস্থায় রাস্তার কোনও বাতিস্তম্ভে ত্রুটি হলেই সঙ্গে সঙ্গে খবর যাবে কন্ট্রোল রুমে৷ ফলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে পারবে কর্পোরেশনের আলোক দফতর। স্মার্ট সিটি স্ট্রিট লাইট সিস্টেম চালুর জন্য বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধছে কলকাতা পুরিগম৷ তারাই এই প্রযুক্তি বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন কলকাতার মেয়র পারিষদ (আলোক বিভাগ) সন্দীপরঞ্জন বক্সি। উল্লেখ্য, শহর কলকাতায় প্রায় সাড়ে তিন লাখের বেশি আলোকস্তম্ভ রয়েছে, যা রাতের রাস্তা থেকে অলিগলি আলোকিত করে রাখে। তবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বাতিস্তম্ভ খারাপ হওয়ার ঘটনায় অন্ধকারে ঢাকে সংশ্লিষ্ট এলাকা বা রাস্তা। কর্পোরেশনের অভ্যন্তরীণ সমীক্ষায় দেখা গিয়েছে, এই ধরনের ঘটনা প্রায় একাধিক জায়গায় ঘটে।

খোঁজ নিয়ে জানা গিয়েছে, প্রায় ১০ -১২ হাজার ত্রুটি ঘটে মাঝেমধ্যেই। যার বড় অংশ চেষ্টা করা হয় ঘটনার পর পর দ্রুততর সঙ্গে সরিয়ে তোলার। কিন্তু সিংহভাগ খবর পৌঁছায় অনেক দেরিতে। বা কর্তৃপক্ষের নজরে আসে কয়েকদিন পর। তারপর ব্যবস্থা নেওয়া হয়। কয়েকদিন ধরে বাতিস্তম্ভে আলো খারাপ, এমন অভিযোগ নাগরিক বা পুর-প্রতিনিধিদের কাছ থেকে প্রায়ই আসে৷ সঙ্গে থাকে সারিয়ে দেওয়ার আর্জি। এবার নয়া প্রযুক্তি ব্যবহারে সেই সমস্যা মিটবে। আলোকস্তম্ভে ত্রুটি হলে মুহূর্তে খবর যাবে কেন্দ্রীয় কন্ট্রোল রুমে। এই প্রযুক্তি তৈরি করতে বেসরকারি সংস্থাটি কলকাতার চারটি অংশে স্টেশন তৈরি করবে৷ যেখান থেকে এই প্রযুক্তি কন্ট্রোল করা হবে। সেখান থেকে স্ট্রিট লাইটের উপর নজরদারি রাখা হবে প্রযুক্তির মাধ্যমে। উত্তর-মধ্য, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম এই চারটি জোন করা হবে। আলোকস্তম্ভগুলোতে লাগানো হবে অত্যাধুনিক যন্ত্র।

