বাড়ির দোতলার সমান ঢ্যাঁড়শ গাছ! ‘বিস্ময়কর ঘটনার সাক্ষী হতে ভিড় জমছে লালমাটির বোলপুরে
বেস্ট কলকাতা নিউজ : ঢ্যাঁড়শ গাছের উচ্চতা কত? যেকোনও চাষিকে জিজ্ঞেস করলে উত্তর আসবে, মেরে কেটে চার-পাঁচ ফুট৷ এটাই স্বাভাবিক ধারণা৷ তবে এই ধারণাকে ডাহা ভুল প্রমাণ করে দিয়েছে লালমাটির জেলা বীরভূমের বোলপুরের ভুবনডাঙার একটি বাড়ি। সেখানে দাঁড়িয়ে আছে দোতলা বাড়ির সমান এক ঢ্যাঁড়শ গাছ! উচ্চতা প্রায় ১৫ ফুট। গোড়া থেকে আগা পর্যন্ত ঝুলছে গুচ্ছ গুচ্ছ ঢ্যাঁড়শ। দূর থেকে দেখলে মনে হবে, সবুজে মোড়া এক অদ্ভুত স্তম্ভ! এই ‘বিস্ময় গাছ’-এর মালিক ভুবনডাঙার বাসিন্দা মহম্মদ জামিরুল হক। পেশায় আইনজীবী, কর্মক্ষেত্র বোলপুর মহকুমা আদালত। বছর ঘুরতেই তাঁর বাড়ি যেন হয়ে উঠেছে এক অঘোষিত প্রদর্শনী কেন্দ্র। পাড়ার লোক থেকে শুরু করে দূরদূরান্তের কৌতূহলী মানুষ, সকলেই ভিড় করছেন এই আশ্চর্য গাছটি একবার চোখে দেখতে।

ঘটনার শুরু গত বর্ষায়। চাকদহ থেকে এক সহকর্মী জামিরুলের হাতে তুলে দিয়েছিলেন একটি উচ্চ ফলনশীল ঢ্যাঁড়শ বীজ। পরামর্শ ছিল, ‘রোপণ করে দেখুন’। সেই মতো বাড়ির ফাঁকা জায়গায় বীজ পুঁতে দেন তিনি। কিন্তু প্রথমদিকে ফুল-ফল কিছুই হচ্ছিল না। বরং গাছটি লম্বা হতে হতে একসময় দোতলার কার্নিশ ছুঁইছুঁই! তারপর আচমকাই চমক, গোড়া থেকে আগা পর্যন্ত একের পর এক ঢ্যাঁড়শ। শুধু লম্বাই নয়, গাছটির গুঁড়িও অস্বাভাবিক মোটা। আগা থেকে নিচ পর্যন্ত ঝুলছে গুচ্ছ গুচ্ছ ফল। নতুন ফুলও ফুটছে নিয়মিত। ঢ্যাঁড়শ তুলতে হলে ব্যবহার করতে হচ্ছে লম্বা আঁকশি। এমন দৃশ্য দেখে অবাক স্থানীয়রাও। শেখ আলম নামে এক বাসিন্দা বলেন, “দোতলার সমান ঢ্যাঁড়শ গাছ কখনও দেখিনি। আমার বাড়িও দোতলা, গাছটা প্রায় সমান উঠে গিয়েছে। পাড়ার সবাই দেখতে আসে।”

