বেন্টিঙ্ক স্ট্রিটে জমি চুক্তিতে সামনে এলো কোটি টাকার প্রতারণা ! সল্টলেকে গ্রেফতার হল ১ অভিযুক্ত

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বউবাজার থানার একটি প্রতারণা মামলায় সল্টলেক থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশ । ধৃতের নাম বিষ্ণু কুমার আগরওয়াল ৷ জমি উন্নয়ন চুক্তির নামে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে । কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, “এই ঘটনার তদন্ত চলছে । এখনই কিছু স্পষ্টভাবে বলা সম্ভব না ৷”এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, বউবাজার থানা এলাকার ৬৫ নম্বর বেন্টিঙ্ক স্ট্রিটের একটি সম্পত্তিকে কেন্দ্র করে ঝামেলার সৃষ্টি হয় । অভিযুক্তরা একটি প্রতারণার ফাঁদ পেতেছিলেন । প্রথমে ডেভলপমেন্ট অ্যাগ্রিমেন্ট ও পাওয়ার অফ অ্যাটর্নি করে অভিযোগকারীদের ওই প্রকল্পে বিনিয়োগ করতে বলা হয় । তাঁরা উৎসাহিত হন । এরপর সেই জমিতে বসবাসকারী ভাড়াটিয়াদের পুনর্বাসন এবং পুরসভার বিভিন্ন অনুমোদনের কাজে অভিযোগকারীদের দিয়ে প্রায় ৩৫ লক্ষ টাকারও বেশি খরচ করানো হয় ।

তারপর অভিযুক্তরা আরও প্রলোভন দেখিয়ে অভিযোগকারীদের এক সহযোগীর কাছ থেকে সম্পত্তির অবশিষ্ট অংশের জন্য প্রায় ২ কোটি টাকা আদায় করেন । অভিযোগ, সেই টাকা নেওয়ার জন্য যে নথিপত্র দেখানো হয়েছিল তা পরে নকল বলে প্রমাণিত হয় । টাকা পাওয়ার পরই অভিযুক্তরা কাজ শুরু করতে বাধা দিতে শুরু করে এবং উলটে আরও ২ কোটি টাকা দাবি করে বসে বলে অভিযোগ । বিষয়টি নিয়ে প্রথমে কলকাতা হাইকোর্টে যান অভিযোগকারীরা ৷ এরপরও সমাধান না-হওয়ায় শেষ পর্যন্ত একতরফাভাবে চুক্তি বাতিল করে দেন অভিযুক্তরা । গোটা ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, যে নথিগুলি দেখিয়ে বিনিয়োগ করতে অভিযোগকারীদের উৎসাহিত বা প্রলোভন দেখানো হয়েছিল সেগুলি সম্পূর্ণ জাল । এমনকি অভিযুক্তদের যে অফিসের ঠিকানা দেওয়া হয়েছিল, সেটিও বাস্তবে অস্তিত্বহীন বলে তদন্তে উঠে এসেছে ।

পুলিশের আরও দাবি, এর আগেও একই কৌশলে একাধিক সংস্থাকে প্রতারণার শিকার করা হয়েছে । তদন্তে জানা গেছে এর আগেও একাধিক সংস্থার সঙ্গে প্রায় একইভাবে চুক্তি করে পরে তা বাতিল করা হয়। এই মামলায় পর্যাপ্ত প্রমাণ সংগ্রহের পরই সল্টলেক এলাকা থেকে অভিযুক্ত বিষ্ণু কুমার আগরওয়ালকে গ্রেফতার করে লালবাজার পুলিশ। তবে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে বউবাজার থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *