ব্রাউন সুগার কারখানার খোঁজ মিলল মালদা শহরের নিকটে, গ্রেফতার হল ৩ মহিলা-সহ ৫ জন
বেস্ট কলকাতা নিউজ : প্রত্যন্ত গ্রামের কোনও বাগানে নয়, এবার ব্রাউন সুগার তৈরির কারখানার হদিশ মিলল মালদা শহর সংলগ্ন এলাকায়। পুলিশি হানায় উদ্ধার করা হয়েছে প্রায় ১৭ কেজি ব্রাউন সুগার, নগদ ৯ লক্ষ টাকা-সহ মাদক তৈরির নানা সামগ্রী। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিহারের তিন কারবারী-সহ মোট পাঁচজনকে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে, রাতে ইংরেজবাজার থানার পুলিশ কুমারপুর এলাকায় হানা দেয়। তথ্য অনুযায়ী, ওই এলাকার একটি গোডাউন থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ ব্রাউন সুগার, নগদ টাকা-সহ মাদক তৈরির একাধিক সামগ্রী।

এই ঘটনায় গ্রেফতার করা হয় গৌরব শাহ, দীপক কুমার, অনিতা কুমারী, মাহিবুবা খাতুন ও মাহমুন্ডা বিবিকে। ধৃতদের মধ্যে গৌরব শাহ, মাহিবুবা খাতুন ও মাহমুন্ডা বিবির বয়স ২৭ বছর৷ দীপক কুমারের বয়স ২৫ বছর৷ অনিতা কুমারীর বয়স ২৯ বছর৷ মাহিবুবা ও মাহমুন্ডা ইংরেজবাজারের কুমারপুর এলাকার বাসিন্দা। বাকিদের বাড়ি বিহারের পূর্ণিয়া ও সামাস্তিপুর জেলায়।
এক সাংবাদিক বৈঠক ডেকে মালদার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “ গভীর রাতে ইংরেজবাজারের কুমারপুর এলাকায় একটি গোডাউনে হানা দেওয়া হয়। ওই গোডাউন থেকে ব্রাউন সুগার, ব্রাউন সুগার তৈরির কাঁচমাল, সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হয়েছে ৮ লক্ষ ৭৮ হাজার ৫০০ টাকাও। উদ্ধার হয়েছে ১৬ কেজি ৯৯৮ গ্রাম ব্রাউন সুগার, ২০ কেজি সোডিয়াম কার্বোনেট, কঠিন আকারে ২৫ কেজি লাইম হাইড্রক্সাইড, ওজন করা ও প্যাকেট সিল করার মেশিন-সহ আরও বেশ কিছু সামগ্রী। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক গাড়িও। এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।” পুলিশ সুপার আরও বলেন, “প্রাথমিক জেরায় জানা গিয়েছে, ধৃত বিহারের কারবারীরা কুমারপুর থেকে ব্রাউন সুগার কিনতে এসেছিল। সেই ব্রাউন সুগার বিহারের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার কথা ছিল তাদের। আরও জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদনের জন্য ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।’’

