মহারাষ্ট্রে খুন হল পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক, পদক্ষেপ চেয়ে গর্জে উঠলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী
বেস্ট কলকাতা নিউজ : ফের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে প্রাণ গেল বাংলার শ্রমিকের ৷ এমনই অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ বাংলায় কথা বলার জন্য বছর ২৪ -এর যুবককে খুন করা হয়েছে ৷ এই ঘটনায় অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে বলে দাবি করেছেন ৷ তাঁর অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার জন্য বিজেপি শাসিত মহারাষ্ট্রের পুনেতে কুড়মি জনজাতির এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করা হয়েছে ৷ মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার এক্স পোস্টে ভিডিয়ো পোস্ট করে এমনটাই জানিয়েছেন ৷ সঙ্গে একটি ভিডিয়োও রয়েছে ৷ তাতেই স্পষ্ট, ওই শ্রমিককে কী হেন অত্যাচার করে মেরে ফেলা হয়েছে ৷ এই ঘটনার বিরুদ্ধে গর্জে উঠে মমতা লিখেছেন, “এই ঘটনা ঘৃণার কারণে ঘটেছে ৷”

এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন , “মহারাষ্ট্রের পুনেতে পুরুলিয়ার বান্দোয়ানের ২৪ বছর বয়সি পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর বর্বরোচিত হত্যাকাণ্ডে আমি হতবাক, ক্ষুব্ধ এবং ব্যথিত । সুখেন তাঁর পরিবারের একমাত্র রোজেগেরে ছিলেন । এটা একটা বিদ্বেষমূলক অপরাধের চেয়ে কম কিছু নয় । একজন যুবককে তাঁর ভাষা, পরিচয়ের জন্য আক্রমণ করা হল, নির্যাতন করা হল এবং শেষে তার জীবনও নিয়ে নেওয়া হল । ভয় ও আতঙ্কের আবহ তৈরি করে অপরিচিতের প্রতি ঘৃণাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে । বারবার নিরীহদের টার্গেট করা হচ্ছে ।” এমনকি এক্স হ্যান্ডেলে অবিলম্বে অপরাধীদের গ্রেফতার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী । পোস্টের শেষে তিনি আরও লেখেন, “সুখেনের পরিবারের উদ্দেশে বলছি, এই অকল্পনীয় শোকের মুহূর্তে বাংলা আপনাদের পাশে রয়েছে । ন্যায়বিচার সুনিশ্চিত করার জন্য চেষ্টার কোনও ত্রুটি রাখা হবে না ।”
জঙ্গলমহলে চাঞ্চল্য- পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে জঙ্গলমহলে । পুরুলিয়া বরাবাজার ব্লকের অন্তর্গত প্রত্যন্ত তুমড়াশোল গ্রামের বাসিন্দা সুখেন মাহাতো । বেশ কয়েক বছর আগে তিন ভাই কাজ করতে গিয়েছিলেন পুনেতে । সেখানে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন তাঁরা । প্রত্যেক দিনের মতো সুখেন কাজের উদ্দেশে বেরিয়েছিলেন । কিন্তু আর আর ফিরে আসেননি । খোঁজ করতেই গত 10 ফেব্রুয়ারি মৃত্যুর বিষয়টি উঠে আসে । সুখেনের রক্তাক্ত দেহ উদ্ধারের পর তাঁর মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই শোকস্তব্ধ হয়ে পড়ে পুরো পরিবার-সহ গ্রাম ।
এদিকে মৃতের পরিবারের দাবি বাংলা ভাষায় কথা বলার জন্য সুখেনকে হত্যা করা হয়েছে। এমনকি খুনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা । মৃতের পরিবারের পাশে দাঁড়াতে এমনকি এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে জেলা তৃণমূল নেতৃত্বরা সুখেনের গ্রামের বাড়িতে উপস্থিত হন । আগামী দিনে সমস্ত দিক থেকে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তাঁরা । এদিন মূলত উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের মন্ত্রী সন্ধ্যারানি টুডু, প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো, বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন-সহ অন্যান্যরা ৷

