মার্কিন হানায় শ্রীলঙ্কা উপকূলে ধ্বংস ইরানের রণতরী, ভারতের শিয়রে এসে পড়লো পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ
বেস্ট কলকাতা নিউজ : ভারতের আমন্ত্রণে ২০ দিন আগে বিশাখাপত্তনম বন্দরে এসেছিল ইরানের রণতরী ‘আইআরআইএস ডেনা’। অংশগ্রহণ করেছিল সেখানে আয়োজিত আন্তর্জাতিক যুদ্ধজাহাজ মহড়া রিভিউ কর্মসূচিতে। প্রোটোকলের অঙ্গ হিসেবে গত ১৬ ফেব্রুয়ারি সেই কর্মসূচির প্রাক্কালে আগত সব যুদ্ধজাহাজ পরিদর্শন করেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার ভোরে বিশাখাপত্তনম থেকে ফেরার পথে ইরানের সেই রণতরীকেই ভারত মহাসাগরে ডুবিয়ে দিয়েছে আমেরিকার নৌশক্তি। ভারত ও শ্রীলঙ্কার নাকের ডগায় মার্কিন সাবমেরিনের মাধ্যমে টর্পেডো ছুড়ে ধ্বংস করা হয় মজ-ক্লাস ফ্রিগেট ‘আইআরআইএস ডেনা’কে। তলিয়ে যাওয়ার সময় তাতে ছিলেন তেহরানের নৌবাহিনীর অন্তত ১৮০ জন নাবিক, সেনা ও কর্মী।

এদিকে যুদ্ধজাহাজ থেকে বিপদ সংকেত পেয়ে তৎপর হয় শ্রীলঙ্কা সরকারও । উদ্ধার করা হয় ৩২ জনকে। অন্তত ৮৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বাকিরা এখনও নিখোঁজ। শ্রীলঙ্কার উপকূলবর্তী শহর গল থেকে ৪০ নটিক্যাল মাইল দূরত্বে এই ঘটনায় ভারতীয় উপমহাদেশে প্রবল আলোড়ন সৃষ্টি হয়েছে। কারণ, এবার ভারতের শিয়রে এসে পড়লো পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ । জানা গেছে আমেরিকা সম্পূর্ণ বিনা নোটিসে, শ্রীলঙ্কা অথবা ভারতকে না জানিয়েই এই অপারেশন চালিয়েছে ভারত মহাসাগরে। যদিও আমেরিকার দাবি, আন্তর্জাতিক সমুদ্রসীমায় এই আক্রমণ করা হয়েছে। কোনো রীতি লঙ্ঘন হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো শত্রুপক্ষের যুদ্ধজাহাজকে মার্কিন নৌসেনার সাবমেরিন টর্পেডো ছুড়ে ধ্বংস করেছে। এভাবে ইরানের রণতরীগুলিকে টার্গেট করা যে চলবে, সেকথা এদিন সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেট ।

