রাজ্য প্রশাসনে ফের বড়সড় রদবদল, একযোগে দায়িত্ব বদল হল একাধিক শীর্ষ আমলার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল। একযোগে একাধিক শীর্ষ আমলার দায়িত্ব বদল করল নবান্ন। বৃহস্পতিবার রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের পক্ষ থেকে এই মর্মে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বেশ কয়েকজন বর্ষীয়ান আইএএস অফিসারকে নতুন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে, পাশাপাশি বেশ কয়েকজনকে তাঁদের বর্তমান পদের সঙ্গে অতিরিক্ত দায়িত্বভার অর্পণ করা হয়েছে। নবান্ন সূত্রে জানানো হয়েছে, সম্পূর্ণ প্রশাসনিক স্বার্থেই এই রদবদল করা হয়েছে। ২ এপ্রিল, ২০২৬ তারিখের এই বিজ্ঞপ্তিতে রাজ্যপালের নির্দেশানুসারে সই করেছেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পাণ্ডে। রাজ্যের তিনটি গুরুত্বপূর্ণ বিভাগের কমিশনার পদে নতুন মুখ আনা হয়েছে। জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০০২ ব্যাচের আইএএস অফিসার অবনীন্দ্র সিং-কে বর্ধমান বিভাগের নয়া ডিভিশনাল কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে। এর আগে তিনি শ্রম দফতরের সচিব পদের দায়িত্বে ছিলেন।

অন্যদিকে, ১৯৯৩ ব্যাচের বর্ষীয়ান আইএএস অনুপ কুমার আগরওয়ালকে জলপাইগুড়ি বিভাগের ডিভিশনাল কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এর আগে কারিগরি শিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পদে ছিলেন। পাশাপাশি, ১৯৯৭ ব্যাচের আইএএস অফিসার সুরেন্দ্র গুপ্তকে প্রেসিডেন্সি বিভাগের ডিভিশনাল কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে। এর আগে তিনি জনস্বাস্থ্য কারিগরি এবং খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের প্রধান সচিবের দায়িত্বে ছিলেন। মূলত জেলাস্তরের প্রশাসনিক কাজে আরও গতি আনতেই এই তিন অভিজ্ঞ আমলাকে ডিভিশনালস্তরে পাঠানো হল বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *