এবার সায়ানাইড বোমার হুমকি ইমেল এলো এশিয়াটিক সোসাইটিতে
বেস্ট কলকাতা নিউজ : আদালত, পোস্ট অফিস, ভিক্টোরিয়া মেমোরিয়ালের পর এবার কলকাতার বোমাতঙ্ক ছড়ালো এশিয়াটিক সোসাইটিতে ! জানা গেছে বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ পার্ক স্ট্রিটের এশিয়াটিক সোসাইটিতে ইমেল পাঠিয়ে লাইব্রেরিতে বোমা রাখার কথা জানানো হয়। যদিও বৃহস্পতিবার সারাদিন এই ইমেল কারও নজরে আসেনি।

এদিকে শুক্রবার দুপুরে বিষয়টি নজরে আসতেই স্থানীয় পার্ক স্ট্রিট থানায় খবর দেন এশিয়াটিক সোসাইটি কর্তৃপক্ষ। খবর পেয়ে পার্ক স্ট্রিট থানার পুলিশ আসে ঘটনাস্থলে। লালবাজার থেকে আসেন বম্ব ডিসপোজাল স্কোয়াডের গোয়েন্দারাও। তবে কলকাতা পুলিশ জানিয়েছে তন্নতন্ন করে তল্লাশি চালিয়েও বোমা পাওয়া যায়নি বলেই। এমনকি নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক সূত্র জানায় , অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী দল পাঠানো ইমেলে দাবি করেছে, ‘এশিয়াটিক সোসাইটির লাইব্রেরিতে ‘সায়ানাইড’ বোমা রাখা হয়েছে। যে কোনো সময় তাতে বিস্ফোরণ ঘটতে পারে।’ এই হুমকি মেল আসার প্রায় ২৪ ঘণ্টা পর বিষয়টি নজরে আসে। তবুও কোনোরকম ঝুঁকি নিতে চায়নি কর্তৃপক্ষ। কারণ, কর্মীদের পাশাপাশি গবেষকদের আনাগোনা লেগেই থাকে শতাব্দী প্রচীন এই প্রতিষ্ঠানের লাইব্রেরিতে।
উল্লেখ্য, অতি সাম্প্রতিককালে কলকাতা সহ গোটা রাজ্যে আদালত, পোস্ট অফিস, ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো গুরুত্বপূর্ণ স্থানে একই কায়দায় ইমেল করে বোমা রাখার কথা জানানো হয়েছিল। কিন্তু তদন্তে নেমে পুলিশ কোথাও কোনো বোমার অস্তিত্ব খুঁজে পায়নি। এদিকে, বুধবার ইছাপুর গান সেল ফ্যাক্টরিতে একই কায়দায় ইমেলে হুমকি দিয়ে বোমা রাখার কথা জানানো হয়। খবর পেয়ে, স্থানীয় নোয়াপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে। যদিও সেক্ষেত্রে তল্লাশিতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি বলেও পুলিশ জানিয়েছিল।

