তীব্র গ্যাস সংকটে বন্ধ হল রেস্তরাঁ, চরম উদ্বেগে আত্মঘাতী হল রেস্তরাঁর মালিক
বেস্ট কলকাতা নিউজ : মাথায় ঋণের বোঝা। এদিকে ব্যবসা বন্ধ। দোকানেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী রেস্তরাঁ মালিক। মৃতের পরিবারের অভিযোগ, গ্যাস না মেলায় বন্ধ রাখতে হয়েছে রেস্তোরাঁ। কিন্তু ব্যবসা বন্ধ থাকলে দেনা শোধ হবে কী করে? এই উদ্বেগেই চরম পদক্ষেপ নিয়েছেন কর্ণাটকের বেলাগাভি এলাকার ওই রেস্তরাঁ মালিক। সেখানকার পুরনো বাস স্টপের কাছেই হনুমান হোটেল। ধারদেনা করে দোকান চালাচ্ছিলেন মালিক রামা হাল্লুরি। সম্প্রতি গ্যাসের সংকট দেখা দিলে ব্যাপক সমস্যায় পড়েন তিনি। কয়েকদিন উনুন জ্বালিয়েও রান্না করেন। তারপর বাধ্য হয়ে দোকান বন্ধ করে দেন। তাতে আর্থিক সমস্যা আরও তীব্র হয়। মৃত রামার ছেলে উদয়ের অভিযোগ, ‘গ্যাস সংকট নিয়ে দুশ্চিন্তায় ছিলেন বাবা। সম্ভবত টাকা শোধ দেওয়ার জন্য মহাজনরাও চাপ দিচ্ছিল।’ তবে পুলিশের দাবি, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে না।


