ধানক্ষেতে মিললো রহস্যময় এক বিশাল ড্রোন, চরম আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
বেস্ট কলকাতা নিউজ : গত কয়েক সপ্তাহে অশান্ত পশিচম এশিয়ায় বার বার সামনে এসেছে ড্রোন হামলার খবর। এই পরিস্থিতির মাঝেই এবার ড্রোন আতঙ্ক পশ্চিম মেদিনীপুরে। এই জেলার দাঁতন ১ নম্বর ব্লকের অন্তর্গত শরশঙ্কা বকুলতলার কাজুচক এলাকায় এক রহস্যময় ড্রোন উদ্ধার হল। যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আজ বুধবার ভোর প্রায় ৪টে নাগাদ স্থানীয় বাসিন্দারা একটি বিশাল আকারের ড্রোন ধানক্ষেতে পড়ে থাকতে দেখেন। ড্রোনটি দেখতে অনেকটা ছোট আকৃতির এরোপ্লেনের মতো হওয়ায়, সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও আতঙ্ক ছড়ায়।

ভোরবেলা এই দৃশ্য নজরে আসতেই এলাকায় শোরগোল পড়ে যায় এবং দলে দলে মানুষ ভিড় জমাতে শুরু করেন ধান ক্ষেতে। স্থানীয়দের অভিযোগ, এর আগে এই অঞ্চলে এত বড় আকারের ড্রোন কখনও দেখা যায়নি, ফলে এটি কোথা থেকে এল এবং কীভাবে ধানক্ষেতে আছড়ে পড়ল, তা নিয়ে দূশ্চিন্তায় তাঁরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি কোনো সংস্থার নজরদারি বা সার্ভে করার ড্রোন হতে পারে, আবার কোনো বিশেষ উড়ান পরীক্ষার সময় যান্ত্রিক ত্রুটির কারণে এটি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে পড়ে গিয়ে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দাঁতন থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে এবং তদন্তের স্বার্থে পুলিশ দ্রুত এলাকাটি ঘিরে ফেলে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। ড্রোনটি পরীক্ষা করে তা কোথা থেকে এল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

