পথকুকুরদের প্রবল দাপট, শিলিগুড়িতে চরম নাজেহাল এলাকার সাধারণ মানুষ
শিলিগুড়ি : পথকুকুরদের দাপট আর তার জেরে শিলিগুড়িতে চরম নাজেহাল এলাকার সাধারণ মানুষজন । শিলিগুড়িতে দিনের পর দিন বাড়ছে পথ কুকুরের দাপট। এমনকি সকাল থেকে সন্ধ্যা রাস্তা দিয়ে চলাফেরা করা সাধারণ মানুষের পক্ষে বিপদজনক হয়ে দাঁড়িয়েছে। বয়স্ক থেকে বাচ্চা কাউকেই ছাড় দেয় না পথ কুকুররা । আর রাত বেশি হলে তো কথাই নেই, রাস্তা দিয়ে যাওয়া অত্যন্ত বিপদজনক হয়ে দাঁড়ায় ।

এদিকে গত বছর রেকর্ড পরিমাণ কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছিলেন মানুষ। এর মধ্যে ৯০ শতাংশই পথ কুকুর। আর এর থেকে বোঝা যায় কতটা বিপদজনক হয়ে গেছে রাস্তা দিয়ে চলাফেরা করা । আবার পথ কুকুরের জন্য শিলিগুড়ি পৌরসভার থেকে নানা রকম ব্যবস্থা করা হলেও আখেরে কোনটাই কাজ দেয়নি। আক্রান্তর সংখ্যা বেড়েছে ,অথচ বিভিন্ন রকমের পরিকল্পনা করা হয়েছিল পথ কুকুরদের নির্ভীজীকরণ করার ব্যাপারে সেটা তো হলোই না উল্টে দাপট বাড়লো তাদের। এ নিয়ে প্রচন্ড ক্ষোভও আছে সাধারণ মানুষের। তাদের অনেকেই জানান শিলিগুড়ির মতো অন্য কোন শহরে এত কুকুর নেই, থাকলেও তার জন্য আলাদা করে ব্যবস্থা করা হয়, তবে প্রশ্ন উঠেছে এই ব্যাপারে শিলিগুড়ি পুরসভা কেন পিছিয়ে?

