বকেয়া ডিএ মেটাতে তৎপর হল নবান্ন, বিশ্ববিদ্যালয়গুলির কাছে তলব করা হল শিক্ষক-কর্মীদের বিস্তারিত তালিকা
বেস্ট কলকাতা নিউজ : রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বা ডিএ প্রদান নিয়ে বড় পদক্ষেপ গ্রহণ করলো রাজ্য সরকারের। বকেয়া মহার্ঘভাতার জট কাটাতে এবার তৎপরতা শুরু হল প্রশাসনিক স্তরে । নবান্নের নির্দেশিকা মেনে রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির কাছে কর্মরত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বিস্তারিত তালিকা তলব করল রাজ্যের উচ্চশিক্ষা দফতর । শুধুমাত্র কর্মরতরাই নন, সরকারের তরফে পাঠানো ওই নির্দেশিকায় অবসরপ্রাপ্ত কর্মীদের যাবতীয় তথ্যও দ্রুত জমা দেওয়ার কথা বলা হয়েছে।

জানা গিয়েছে, রাজ্য অর্থ দফতর ২০১৬ সালের জানুয়ারি মাস থেকে শুরু করে ২০১৯ সালের ডিসেম্বর মাস পর্যন্ত সময়কালের হিসাব চূড়ান্ত করতে চাইছে । এই নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মরত কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের বেতন, বিভিন্ন ভাতা এবং পেনশনের যাবতীয় তথ্য বিস্তারিতভাবে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । এই মর্মে রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির রেজিস্ট্রারদের কাছে ইতিমধ্যেই স্পষ্ট নির্দেশিকা পাঠানো হয়েছে । ওই নির্দেশিকায় আরো বলা হয়েছে, শিক্ষক ও কর্মীদের প্রতি মাসে দেওয়া মহার্ঘভাতা এবং মহার্ঘ ত্রাণের সম্পূর্ণ ও নির্ভুল হিসাব প্রস্তুত করে পাঠাতে হবে। উল্লেখ্য , দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের মহার্ঘভাতা বা ডিএ নিয়ে টানাপোড়েন চলছে । রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং বিষয়টি নিয়ে আদালতেও আইনি লড়াই চলছে । এই আবহে রাজ্য সরকারের এই প্রশাসনিক পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

