বন্দে ভারতের খাবার খেয়ে ঠোঁট ফুলে ঢোল! তরুণী অভিযোগ জানাতেই সমালোচনায় বিদ্ধ রেল

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দেশের সবচেয়ে বেশি চর্চিত দূরপাল্লার ট্রেন।গতি ও পরিষেবায় ভারতীয় রেলের গর্ব বলে ধরা হচ্ছে যাকে, সেই বন্দে ভারত এক্সপ্রেসের বিরুদ্ধে ফের অভিযোগ উঠল। এক যাত্রী দাবি করলেন, প্রিমিয়াম ট্রেনের খাবার খেয়ে গুরুতর অ্যালার্জির শিকার হয়েছেন তিনি। ভয়ংকর ভাবে ফুলে ওঠা ঠোঁট এবং চিকিৎসকের প্রেসক্রিপশনের ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। স্বভাবতই এর ফলে মুখ পুড়েছে ভারতীয় রেলের। প্রশ্ন উঠছে, এই জন্যই কি অতিরিক্ত পয়সা দিয়ে প্রিমিয়াম ট্রেনের টিকিট কেটেছিলেন যাত্রী?

বন্দে ভারতের খাবার খেয়ে গুরুতর অসুস্থ হওয়ার কথা এক্স হ্যান্ডেলে জানান এক তরুণী। পোস্টে তিনি চিকিৎসকের প্রেসক্রিপশনও শেয়ার করেন। সেখানে উল্লেখ রয়েছে, ট্রেনের খাবার খাওয়ার পরেই তাঁর তীব্র অ্যালার্জি হয়। ঠোঁট ফুলে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়, যা সাধারণত খাদ্যজনিত প্রতিক্রিয়ার ক্ষেত্রে ঘটে থাকে। রেল কর্তৃপক্ষের বিভিন্ন হ্যান্ডেলকে ট্যাগ করে তরুণী লেখেন, বন্দে ভারত এক্সপ্রেসে অত্যন্ত নিম্নমানের খাবার পরিবেশন করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, সমস্যার কথা জানালেও ট্রেনের কর্মীরা গুরুত্ব দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *