রাতের অন্ধকারে প্রবেশ করেছিল ভারতের জলসীমায়, কোস্ট গার্ডের হাতে গ্রেপ্তার হল ২৮ বাংলাদেশি মৎস্যজীবী
বেস্ট কলকাতা নিউজ : রাতের অন্ধকারে ফের ভারতীয় জলসীমায় ঢুকেছিল বাংলাদেশি মৎস্যজীবীরা। নজর এড়ায়নি ভারতীয় উপকূল রক্ষীবাহিনীর। অনুপ্রবেশকারীদের ট্রলারকে তাড়া করে ঘিরে ফেলা হয়। পাকড়াও করা হল অনুপ্রবেশকারীদের। ফের ভারতীয় জলসীমায় ট্রলার-সহ আটক ২৮ জন বাংলাদেশি মৎস্যজীবী। রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বঙ্গোপসাগরে ভারতীয় সীমান্তে এই ঘটনা ঘটেছে। অবশেষে আটক হওয়া মৎস্যজীবীদের উপকূলরক্ষী বাহিনী ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেয়।

জানা গেছে এদিন গভীর রাতে বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমায় টহল দিচ্ছিলেন ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর জওয়ানরা। টহলদারির সময় তাঁদের নজরে আসে ভারতের জলসীমার মধ্যে ঘোরাফেরা করা সন্দেহজনক একটি ট্রলার। ধাওয়া করে এফবি সাগর নামের ট্রলারটিকে আটকায় উপকূলরক্ষী বাহিনী। ট্রলারে থাকা ২৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে জিজ্ঞাসাবাদের পর ওই ট্রলার-সহ তাঁদের আটক করে ভারতীয় কোস্টগার্ড। আটক হওয়া মৎস্যজীবীরা অধিকাংশই বাংলাদেশের চট্টগ্রামের কক্সবাজার জেলার কুতুবদিয়ার বাসিন্দা। বাংলাদেশি ওই মৎস্যজীবীদের আটক করে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসে উপকূলরক্ষী বাহিনী। তাঁদের সকলকেই ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাঁদের গ্রেপ্তার করে কোস্টাল থানার পুলিশ।

