খাওয়া যাবে না ‘হাফ বয়েল’ ডিম ! নিষেধাজ্ঞা জারি করলো দক্ষিণের এই রাজ্যের সরকারের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বার্ড ফ্লুয়ে সংক্রমণ হু হু করে বাড়ছে ৷ পরিস্থিতি বেগতিক বুঝে ডিম খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করল তামিলনাড়ুর স্বাস্থ্য দফতর ৷ আধসেদ্ধ ডিম খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিলেন তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এমএ সুব্রহ্মণিয়ম ৷ গত সপ্তাহে চেন্নাইয়ে এক ঝাঁক কাকের মৃত্যুকে কেন্দ্র করে শোরগোল পড়ে ৷ এই আবহে স্বাস্থ্য দফতরের এমন নির্দেশিকায় চিন্তায় পড়েছেন রাজ্যবাসী ৷

মৃত কাকেদের রক্তের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয় ৷ রিপোর্টে পাখিদের শরীরে বার্ড ফ্লুয়ের নমুনা পাওয়া যায় ৷ রিপোর্টটি হাতে পাওয়ার পরই রোগের সংক্রমণ রোধ করতে রাজ্যজুড়ে একাধিক পদক্ষেপ করে সরকার ৷ শুধু তামিলনাড়ু নয়, সম্প্রতি অন্ধ্রপ্রদেশেও বার্ড ফ্লুয়ের আতঙ্ক ছড়ায় ৷ বিশেষজ্ঞদের মতে, কেবল পাখিরা এই ভাইরাসে আক্রান্ত হয় ৷ তবে, বিপজ্জনক রোগটি পাখিদের শরীর থেকে মানুষের দেহেও ছড়িয়ে পড়তে পারে ৷ রাজ্যবাসীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে তামিলনাড়ুর জনস্বাস্থ্য বিভাগের তরফে একাধিক নির্দেশিকা জারি করা হয় ৷ খালি হাতে মৃত পাখিকে স্পর্শ করা এড়িয়ে চলা, পুরসভা বা কর্পোরেশনকে অবিলম্বে এই বিষয়ে অবহিত করা, খাওয়ার আগে খুব ভালো করে মুরগির মাংস রান্না-সহ একাধিক জনসচেতনতামূলক নির্দেশিকা জারি করা হয় ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *