গ্যাসের চরম আকাল, রান্না বন্ধ হস্টেলে ,পড়ুয়াদের দিন কাটছে মুড়ি খেয়ে, ছড়ালো ক্ষোভ
বেস্ট কলকাতা নিউজ : গ্যাসের চরম আকাল আর যার জেরে রান্না বন্ধ হল হস্টেলে। এমনকি মুড়ি খেয়ে কাটাতে হচ্ছে সাবড়াকোণ সরকারি প্রাইমারি টিচার্স ট্রেনিং কলেজের পড়ুয়াদের। এই অবস্থায় কলেজ চত্বরে ঝড়ে পড়ে যাওয়া শুকনো কাঠ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। তার জন্য নতুন করে মাটির উনুন তৈরি করা হচ্ছে।পড়ুয়াদের একাংশের বক্তব্য, আমরা দূর থেকে ট্রেনিং নিতে এসেছি। সকলের আর্থিক অবস্থাও ভালো নয়। হস্টেলে রান্না বন্ধ থাকায় বাধ্য হয়ে মুড়ি চিবিয়ে কাটাতে হয়েছে। কিন্তু, এভাবে কতদিন কাটবে? কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, গ্যাসের ডিলারকে ফোন করলেও পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় বিকল্প হিসাবে কলেজ চত্বরে পড়ে থাকা শুকনো কাঠ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।

সাবড়াকোণ সরকারি প্রাইমারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মনোজ কুমার পাণ্ডে বলেন, হস্টেলে গ্যাসের সমস্যা হয়েছে। হস্টেলে রান্না সম্পূর্ণ বন্ধ ছিল। আমরা গ্যাসের ডিলারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু, তা সম্ভব হয়নি। বিকল্প হিসাবে কাঠের জ্বালানিতে রান্না করার চেষ্টা চলছে।এদিকে কলেজের হস্টেল সুপার অরিন্দম ঘোষ বলেন, প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলিয়ে হস্টেলে মোট ৬৬জন ছাত্র রয়েছে। এছাড়াও অন্যান্যরা মিলিয়ে প্রতিদিন দু’বেলা ৭০জনের রান্না হয়। একটি ১৯কেজি গ্যাসের সিলিন্ডারে দু’ থেকে তিন দিন রান্না হয়। অর্থাৎ, প্রতি মাসে প্রায় ১২টি সিলিন্ডারের প্রয়োজন হয়, তা শেষ হয়ে যায়।

