নির্বাচনের ফলাফল নিয়ে অনলাইন বেটিংয়ের রমরমা চলছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে
বেস্ট কলকাতা নিউজ : ভোট মিটেছে বেশ কয়েকদিন আগেই। এখন শুধু অপেক্ষা ফল ঘোষণার। আর সেই অপেক্ষার আবহেই পশ্চিম মেদিনীপুরজুড়ে চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। চায়ের দোকান থেকে বাজার, অলিগলি থেকে দলীয় কার্যালয়— সব জায়গাতেই এখন একটাই আলোচনা, কে আসছে ক্ষমতায়। আর এই জল্পনার আবহেই জেলাজুড়ে মাথাচাড়া দিয়েছে অনলাইন বেটিং। কোন দল কত আসন পাবে, তা নিয়েই লাখ লাখ টাকার বাজি ধরছেন সাধারণ মানুষ থেকে রাজনৈতিক কর্মীরা।

সূত্রের খবর, গোটা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলাতেও এবার ভোট হয়েছে মোটের উপর শান্তিপূর্ণভাবে। দীর্ঘদিন রাজনৈতিক অশান্তির জন্য পরিচিত কেশপুরের মতো এলাকাতেও বড় ধরনের হিংসার ঘটনা ঘটেনি। প্রায় ৩৪ লক্ষেরও বেশি ভোটার নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন নির্বিঘ্নে। আর সেই কারণেই ফলাফল নিয়ে ধন্দ আরও বেড়েছে রাজনৈতিক মহলে। ভোটের দিন বড় কোনো গোলমাল না হওয়ায় কোন দলের দিকে জনমত গিয়েছে, তা নিয়ে স্পষ্ট ধারণা পাচ্ছেন না অনেকেই। এই অনিশ্চয়তার আবহকেই হাতিয়ার করেছে অনলাইন বেটিং চক্র। জেলার বিভিন্ন প্রান্তে গোপনে চলছে ফলাফল নিয়ে বাজি ধরা। কোথাও নির্দিষ্ট আসন সংখ্যা নিয়ে বাজি, কোথাও আবার কোন দল সরকার গড়বে তা নিয়েই চলছে টাকার খেলা। মোবাইল ফোনের এক ক্লিকেই লেনদেন হচ্ছে হাজার হাজার টাকা। রাজনৈতিক কর্মীদের পাশাপাশি ব্যবসায়ী, যুবক এমনকী সাধারণ মানুষও এই বেটিংয়ের সঙ্গে জড়িয়ে পড়ছেন বলে খবর। অনলাইন বেটিংয়ের সঙ্গে যুক্ত এক ব্যক্তি বলেন, তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। কে কতগুলো আসন পাবে, তা নিয়েই বেশি বাজি ধরা হচ্ছে। একটা নির্দিষ্ট হিসেবের মধ্যে ফল মেলাতে পারলেই ডাবল ডাবল টাকা। অনেকেই লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছে।

