পুলিশ অবজারভার ও তার স্ত্রীর ছবি প্রকাশ্যে এনে নির্বাচন কমিশন ও বিজেপিকে আক্রমণ মালদার বিধায়ক আব্দুর রহিম বকশির
মালদা: পুলিশ অবজারভার ও তার স্ত্রীর ছবি প্রকাশ্যে এনে নির্বাচন কমিশন ও বিজেপিকে আক্রমণ সানালেন মালদা জেলা তৃণমূল সভাপতি ও বিধায়ক আব্দুর রহিম বকশি। এদিকে পুলিশ অবজারভার এর স্ত্রী বিজেপি নেত্রী এমনকি বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন বলেও অভিযোগ তৃণমূলের। মালদা জেলা তৃণমূল সভাপতি ও বিধায়ক আব্দুর রহিম বক্সী এদিন বলেন, জয়ন্ত কান্ত যিনি মূলত বিহারের বাসিন্দা, তার স্ত্রী বিহার বিধানসভা নির্বাচনের প্রার্থী ছিলেন। উনি বিজেপির লোক। আর তাকেই অমিত শাহ মালদার চারটি বিধানসভা কেন্দ্রের পুলিশ অবজারভার করে পাঠিয়েছেন। আর এর থেকে এটা পরিষ্কার যে সমস্ত বিজেপি ঘনিষ্ঠ আই এ এস, আইপিএসদের এনে বাংলার ভোটকে শেষ করতে চাইছে।

আব্দুর রহিম বক্সী এদিন এও বলেন যে সমস্ত পুলিশ আধিকারিকরা ডিএম রা ভালো কাজ করছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় নতুন অফিসারদের নিয়ে আসা হয়েছে। যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদের কাজ করার কোনো রকম অভিজ্ঞতা নেই। পুরো সিস্টেমকে ভেঙ্গে দেওয়ার জন্য এই বদলি করা হচ্ছে। এরই পাশাপাশি যে সমস্ত অবজারভার কে পাঠানো হচ্ছে তারা সব বিজেপিরই লোক। নির্বাচন কমিশন অমিত শাহর কোম্পানি। অমিত শাহর কথায় গণতান্ত্রিক অধিকার কে খুন করছে জ্ঞানেশ কুমার।

