পেট্রলের সঙ্গে জল মেশানোর অভিযোগ উঠলো পেট্রল পাম্পে,ব্যাপক উত্তেজনা ছড়ালো হাওড়ার ডোমজুড়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ডোমজুড়ের সলপ এলাকায় একটি পেট্রল পাম্পে পেট্রলের সঙ্গে জল মেশানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রবিবার জাতীয় সড়কের ধারে ওই পেট্রল পাম্পে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনারও সৃষ্টি হয়।অভিযোগ, সলপের একটি গাড়ির শোরুম থেকে সদ্য কেনা নতুন চার চাকার গাড়িতে তেল ভরতে গিয়ে এক মহিলা বুঝতে পারেন কিছু সমস্যা হয়েছে। শোরুমের এক চালককে সঙ্গে নিয়ে রবিবার দুপুরে তিনি গাড়ি নিয়ে ওই পাম্পে তেল ভরতে যান। কিন্তু তেল ভরার পর গাড়ি স্টার্ট দিয়ে এগোতেই হঠাৎই ইঞ্জিন বন্ধ হয়ে যায়। নতুন গাড়িতে এমন সমস্যা হওয়ায় মহিলার সন্দেহ হয়। এরপর তিনি গাড়ির ট্যাঙ্ক থেকে কিছুটা তেল বের করে একটি বোতলে ভরেন।

অভিযোগ, সেই বোতলে দেখা যায় অধিকাংশটাই জল এবং অল্প পরিমাণ পেট্রল! মহিলার দাবি, প্রায় ৯০ শতাংশ জল এবং মাত্র ১০ শতাংশ তেল ছিল সেখানে। এরপরই তিনি পুলিশে খবর দেন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ অফিসাররাও পাম্প থেকে তেল সংগ্রহ করে বোতলে ভরে পরীক্ষা করে দেখেন। অভিযোগ, সেখানেও পেট্রলের তুলনায় জলের পরিমাণই বেশি দেখা যায়। বিষয়টি জানাজানি হতেই পাম্পে আসা অন্যান্য গাড়ি ও বাইক চালকরাও ক্ষোভ প্রকাশ করেন। এক বাইক আরোহী যুবক অভিযোগ করেন, এর আগেও ওই পাম্পে তেলের সঙ্গে জল মেশার ঘটনা ঘটেছে। এমনকি কখনো কখনো পেট্রল থেকে কেরোসিনের গন্ধও পাওয়া যায় বলে তাঁর দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *