‘বিজেপিতে যোগ দেওয়া জীবনের এক বিরাট ঐতিহাসিক ভুল ছিল,’ ভোটের আগে চরম ‘বিবেক দংশন’ চন্দ্র কুমার বসুর
বেস্ট কলকাতা নিউজ : প্রকাশিত হয়ে গিয়েছে ভোটের নির্ঘণ্ট! আগামী মাসেই বাংলায় দু’দফায় নির্বাচন। চলছে জোর প্রচার। এর মধ্যেই সমাজমাধ্যমে চাঞ্চল্যকর মন্তব্য করলেন চন্দ্র বসু। তাঁর দাবি, বিজেপিতে যোগ দেওয়া জীবনের ঐতিহাসিক ভুল ছিল। নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসু রাজ্য বিজেপির প্রাক্তন সহ-সভাপতিও ছিলেন। কিন্তু ভোটের আগে তাঁর এহেন মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

সম্প্রতি টুইটে চন্দ্র বসু লেখেন, বিজেপিতে যোগ জীবনের ঐতিহাসিক ভুল। নিজের ভুল বুঝতে পেরেছিলেন বলেও উল্লেখ করেন। টুইটে আরও লেখেন, ‘কোনও দলের উদ্দেশ্য যদি হয় নির্বাচনে জেতার জন্য ভোটারদের মধ্যে বিভেদ সৃষ্টি করা, তবে তা আমার পক্ষে মানা সম্ভব নয়!’ তিনি লিখেছেন, সাম্প্রদায়িকতা দিয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়া যায় না! জাতিকাঠামোকে রক্ষা করতে সকল সম্প্রদায়কে একতাবদ্ধ করার কথা বলার পাশাপাশি বিভেদ সৃষ্টিকারী শক্তিগুলিকে পরাজিত করতে জনগণকে একত্রিত হওয়ার ডাক দিয়েছেন। শেষে ‘জয় হিন্দ’ স্লোগান দিয়ে নিজের বক্তব্য শেষ করেছেন বসু।

