ভোটের আগে ও পরে ‘জিরো টলারেন্স’, শান্তি রক্ষায় শেষমেশ সর্বশক্তি নিয়ে নামছে কলকাতা পুলিশ
বেস্ট কলকাতা নিউজ : শুধু ভোটের দিন নয়, ভোটের আগে ও পরে দীর্ঘ সময়জুড়ে শহরের আইনশৃঙ্খলা অটুট রাখতে এবার বিশেষ কৌশল নিয়েছে কলকাতা পুলিশ ৷ অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগাম সতর্ক প্রশাসন ৷ লক্ষ্য একটাই, যে কোনও মূল্যে শহরকে শান্ত রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ৷ মূলত ভোট পরবর্তী হিংসার মতো ঘটনা ঠেকানোই পুলিশের উদ্দেশ্য ৷ তাই পুলিশের শীর্ষ আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের সঙ্গে যৌথভাবে বৈঠক করলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ ৷

বিগত নির্বাচনগুলিতে ভোট-পরবর্তী হিংসার যে ভয়াবহ চিত্র সামনে এসেছিল, তা এখনও ভুলতে পারেননি শহরবাসী ৷ কলকাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল উত্তেজনা ৷ সংঘর্ষ, ভাঙচুর এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছিল ৷ সেই প্রেক্ষাপটেই এবার ভোট মিটে যাওয়ার পরের সময়টিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে প্রশাসন ৷ শুধু ভোটের দিন কড়া নিরাপত্তা দিলেই দায়িত্ব শেষ নয় ৷ সেই ধারণা থেকেই পরিকল্পনা সাজানো হয়েছে দীর্ঘমেয়াদি নজরদারির ৷
এই প্রস্তুতির অংশ হিসেবেই সম্প্রতি কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দের নেতৃত্বে শীর্ষ আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় ৷ সেই বৈঠকে শহরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা কোন পরিস্থিতিতে রয়েছে, তা খতিয়ে দেখা হয় এবং ভোট-পরবর্তী সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলার রূপরেখা তৈরি করা হয় পুলিশ প্রশাসনের তরফে ৷ বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ তার মধ্যে রয়েছে – স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিশেষ নজরদারি ৷ প্রতিটি থানায় র্যাফের বাহিনীকে প্রস্তুত রাখা ৷ গুজব রুখতে সোশাল মিডিয়ায় নজরদারি জোরদার করা ৷ প্রয়োজন পড়লে দ্রুত অতিরিক্ত বাহিনী মোতায়েনের ব্যবস্থা করা ৷

