রাজ্যের এক বিরাট পদক্ষেপ নিউ টাউনে বিনিয়োগ টানতে , কমার্শিয়াল হাব হতে চলেছে হিডকোর ১০ একর জমিতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : তিলোত্তমার উপকণ্ঠে নিউ টাউনকে বিশ্বমানের বাণিজ্যিক কেন্দ্রের রূপ দিতে আরও একধাপ এগিয়ে গেল রাজ্য সরকার ৷ এবার নিউ টাউনের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট এলাকায় থাকা ১০ একরের একটি বিশালাকার ভূখণ্ডকে বাণিজ্যিক বিনিয়োগের জন্য খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হল ৷ পশ্চিমবঙ্গ আবাসন পরিকাঠামো উন্নয়ন নিগম বা হিডকোর পক্ষ থেকে ইতিমধ্যে এই জমি নিয়ে টেন্ডার বা দরপত্র আহ্বান করা হয়েছে ৷ প্রধানত বড় মাপের বাণিজ্যিক প্রকল্প এবং কর্পোরেট বিনিয়োগ টানতে এই উদ্যোগ বলে সরকারি সূত্রে জানা গিয়েছে ৷

নিউ টাউনকে একটি পরিকল্পিত এবং সুসংগঠিত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রথম থেকেই সচেষ্ট রাজ্য প্রশাসন ৷ বিশেষত, হিডকোর তত্ত্বাবধানে এই উপনগরী এখন শিক্ষা, সংস্কৃতি ও কর্মসংস্থানের অন্যতম প্রাণকেন্দ্র হয়ে উঠেছে ৷ এবার সেই অগ্রগতির পালে নতুন হাওয়া দিতে নিউ টাউনের প্রাণকেন্দ্র অর্থাৎ অ্যাকশন এরিয়া-1-এর সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে এই বিশাল জমিটি কাজে লাগাতে চাইছে নবান্ন ৷

সংশ্লিষ্ট মহলের মতে, কলকাতার অত্যন্ত কাছে এবং বিমানবন্দরের সঙ্গে উন্নত সংযোগ ব্যবস্থা থাকায় এই এলাকাটি বড় বাণিজ্যিক সংস্থাগুলির কাছে অত্যন্ত আকর্ষণীয় ৷ হিডকোর এক শীর্ষ আধিকারিকের কথায়, “আমাদের মূল লক্ষ্য হল নিউ টাউনে এমন কিছু স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য কোম্পানিকে নিয়ে আসা, যারা এখানে বৃহৎ প্রকল্প গড়ে তুলতে পারবে এবং যার ফলে এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে বড়সড় গতি আসবে ৷”উল্লেখ্য নিউ টাউনে ইতিমধ্যে ইকো পার্ক, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, বিশ্ব বাংলা গেট এবং রবীন্দ্র তীর্থ বা নজরুল তীর্থের মতো ল্যান্ডমার্ক প্রকল্প রয়েছে ৷ এছাড়াও টিসিএস, উইপ্রো এবং ডিএলএফ-এর মতো অগ্রগণ্য সংস্থাগুলি এখানে তাদের অফিস স্থাপন করেছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *