রান্নার গ্যাসের চরম সংকট, ডিলার-ডিস্ট্রিবিউটরদের নিয়ে বৈঠকে বসলো জলপাইগুড়ি জেলা পুলিশ ও প্রশাসন
বেস্ট কলকাতা নিউজ : রান্নার গ্যাসের সংকট নিয়ে জলপাইগুড়িতে চলছে চরম দুর্ভোগ। অবশেষে পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি গ্যাস ডিলার, ডিস্ট্রিবিউটর ও গ্যাসের বটলিং প্ল্যান্টের কর্তাদের নিয়ে এক বিশেষ বৈঠক করল জলপাইগুড়ি জেলা পুলিশ ও জেলা প্রশাসন। এই বৈঠকে এদিন মূলত কোন ডিলাদের কাছে কত সিলিন্ডার মজুত রয়েছে তা জানতে চাওয়া হয়। ডিলাররা এদিন জানান, তাঁদের কাছে এই মুহূর্তে কোনও স্টক নেই। গত দু’দিন ধরে গ্যাসের গাড়ি ঢুকছে না। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার না থাকায় তা দেওয়া যাচ্ছে না। অপরদিকে, গ্রাহকদের গুরুতর অভিযোগ, সার্ভারের কারণে গ্যাস বুকই করা যাচ্ছে না। চূড়ান্ত পর্যায়ের কালোবাজারি হচ্ছে রান্নার গ্যাসের। এদিকে এদিন এই বৈঠকে জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় এও বলেন, পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। গ্যাসের কালোবাজারির কোনোরকম অভিযোগ পেলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ডিলারদের আরও বলা হয়েছে, প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলতে। আবার কোথাও যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, পুলিশকে সেই দিকেও নজর রাখতে বলা হয়েছে।


